ফরিদপুর প্রতিনিধি
মাদকের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বাবুল বলেছেন, “মাদকের সঙ্গে যে-ই জড়িত থাকুক, তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। অপরাধীর কোনো দলীয় পরিচয় থাকতে পারে না। মাদক সংক্রান্ত কোনো সুপারিশ বা তদবিরও বরদাশত করা হবে না।”
বুধবার (৮ আগস্ট) বিকেলে ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার মৌলভীর চর সরদার বাড়ি ঈদগাহ মাঠে আয়োজিত মাদকবিরোধী আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। স্পেন বিএনপির সহসভাপতি ও প্রবাসী ইউনুস আলী পরামানিকের পৃষ্ঠপোষকতায় এবং আরমান আলী সরদারের সভাপতিত্বে সভাটি অনুষ্ঠিত হয়।
এমপি বাবুল বলেন, যুবসমাজকে মাদকের ভয়াবহ ছোবল থেকে রক্ষা করতে দল-মত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তরুণদের মাদক থেকে দূরে রাখতে খেলাধুলা ও সুস্থ সাংস্কৃতিক কর্মকাণ্ডের বিকল্প নেই। এ লক্ষ্যে প্রতিটি উপজেলায় খেলার মাঠ নির্মাণের উদ্যোগ নেওয়া হচ্ছে।
তিনি আরও বলেন, দুর্নীতি, চাঁদাবাজি কিংবা অন্যায়ের সঙ্গে কোনো রাজনৈতিক নেতাকর্মী জড়িত থাকলে তদন্তের মাধ্যমে তাদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ফরিদপুর জেলা পরিষদের প্রশাসক আফজাল হোসেন খান পলাশ, চরভদ্রাসন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জুলহাস হোসেন সৌরভ এবং চরভদ্রাসন থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সফর আলী।
সভায় স্থানীয় রাজনৈতিক নেতা, প্রশাসনিক কর্মকর্তা ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। বক্তব্য দেন উপজেলা বিএনপির আহ্বায়ক মো. ওয়াহিদুজ্জামান মোল্ল্যা, সদস্য সচিব আব্দুল কুদ্দুস বাদশা, সাবেক উপজেলা চেয়ারম্যান এ.জি.এম. বাদল আমিন, যুবদল সভাপতি মো. মোজাফফর হোসেন জাফর, সাধারণ সম্পাদক আব্দুল ওহাব মোল্লা, স্বেচ্ছাসেবক দল নেতা রাশেদ আল ফারুকী এবং ছাত্রদল নেতা শুভ সালাউদ্দিন মোল্ল্যাসহ অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তারা চরভদ্রাসন উপজেলাকে সম্পূর্ণ মাদকমুক্ত ও শান্তিপূর্ণ উপজেলা হিসেবে গড়ে তুলতে জনপ্রতিনিধি, শিক্ষক, অভিভাবক ও সাধারণ মানুষকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান।

