Nabadhara
ঢাকারবিবার , ৯ আগস্ট ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

প্রশাসনের আশ্বাসে সাড়ে ৩ ঘণ্টা পর টঙ্গীতে মহাসড়ক অবরোধ প্রত্যাহার

নিজস্ব প্রতিবেদক,গাজীপুর 
আগস্ট ৯, ২০২৬ ৬:০৬ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক,গাজীপুর 

সহপাঠীর সড়ক দুর্ঘটনায় মৃত্যুর প্রতিবাদে ফুটওভারব্রিজ নির্মাণসহ নিরাপদ পারাপারের দাবিতে প্রায় সাড়ে তিন ঘণ্টা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধের পর কর্মসূচি প্রত্যাহার করেছেন তামীরুল মিল্লাত কামিল মাদ্রাসার শিক্ষার্থীরা।

রোববার (৯ আগস্ট) সকাল ১১টা থেকে টঙ্গীর গাজীপুরা বাসস্ট্যান্ড এলাকায় কয়েক হাজার শিক্ষার্থী মহাসড়কে অবস্থান নিয়ে অবরোধ শুরু করেন। পরে জেলা প্রশাসন, গাজীপুর সিটি করপোরেশন ও গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) কর্মকর্তারা শিক্ষার্থীদের দাবিগুলো বাস্তবায়নের আশ্বাস দিলে বেলা আড়াইটার দিকে অবরোধ প্রত্যাহার করা হয়।

অবরোধের কারণে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের উভয় পাশে কয়েক কিলোমিটারজুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়। আটকা পড়ে হাজারো যানবাহন। চরম ভোগান্তিতে পড়েন যাত্রী ও সাধারণ মানুষ।

শিক্ষার্থীরা জানান, শনিবার সন্ধ্যায় গাজীপুরা বাসস্ট্যান্ড এলাকায় মহাসড়ক পার হওয়ার সময় দ্রুতগতির একটি কাভার্ডভ্যানের ধাক্কায় তামীরুল মিল্লাত কামিল মাদ্রাসার নবম শ্রেণির শিক্ষার্থী ইয়াসিন আলী (১৭) নিহত হন। ওই এলাকায় নিরাপদ পারাপারের ব্যবস্থা না থাকায় প্রায়ই দুর্ঘটনা ঘটছে বলে অভিযোগ করে দ্রুত ফুটওভারব্রিজ নির্মাণের দাবি জানান তারা।

মাদ্রাসা ক্যাম্পাসে অনুষ্ঠিত শিক্ষার্থীদের সমাবেশে জেলা প্রশাসক মুহাম্মদ নূরুল করীম ভূঁইয়া বলেন, ফুটওভারব্রিজ নির্মাণের সম্ভাব্যতা যাচাই ও বাস্তবায়নের জন্য রোববারই একটি কমিটি গঠন করা হবে। কমিটিতে জেলা প্রশাসন, গাজীপুর সিটি করপোরেশন ও সড়ক ও জনপথ (সওজ) বিভাগের প্রতিনিধিদের পাশাপাশি মাদ্রাসার অধ্যক্ষ ও দুইজন শিক্ষার্থী প্রতিনিধিকে রাখা হবে।

তিনি আরও বলেন, প্রয়োজনীয় আবেদন সম্পন্ন হলে সরকারের সংশ্লিষ্ট তহবিল থেকে নিহত শিক্ষার্থীর পরিবারকে সর্বোচ্চ পাঁচ লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়ার ব্যবস্থা করা হবে।

গাজীপুর সিটি করপোরেশনের প্রশাসক মো. শওকত হোসেন সরকার বলেন, আগামী মঙ্গলবার সিটি করপোরেশনের পক্ষ থেকে নিহত শিক্ষার্থীর পরিবারকে তিন লাখ টাকার চেক দেওয়া হবে। পাশাপাশি সোমবারই গাজীপুরা বাসস্ট্যান্ড এলাকায় ফুটওভারব্রিজ নির্মাণের টেন্ডার আহ্বানের উদ্যোগ নেওয়া হবে। দ্রুততম সময়ে নির্মাণকাজ শুরু করা হবে বলেও জানান তিনি।

তিনি আরও জানান, মাদ্রাসার উভয় পাশে স্পিডব্রেকার নির্মাণ করা হবে। দুর্ঘটনার বিষয়ে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নিশ্চিত করতে প্রশাসনকে সিটি করপোরেশনের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা করা হবে।

জিএমপি কমিশনার মো. ইসরাইল হাওলাদার বলেন, দুর্ঘটনায় জড়িত কাভার্ডভ্যানটি জব্দ করা হয়েছে এবং চালককে আটক করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

তিনি বলেন, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের অসমাপ্ত বিআরটি প্রকল্পের কারণে মানুষের দুর্ভোগ বাড়ছে এবং বিভিন্ন স্থানে দুর্ঘটনায় হতাহতের ঘটনাও ঘটছে। নিরাপদ পারাপার নিশ্চিত করতে তাৎক্ষণিকভাবে মাদ্রাসার উভয় পাশে অতিরিক্ত ট্রাফিক পুলিশ মোতায়েন করা হবে।

সিটি করপোরেশনের প্রশাসক বিআরটি প্রকল্পের সমালোচনা করে এটিকে অপরিকল্পিত প্রকল্প হিসেবে উল্লেখ করেন।

প্রশাসনের এসব আশ্বাসের পর শিক্ষার্থীরা বেলা আড়াইটার দিকে মহাসড়ক অবরোধ কর্মসূচি প্রত্যাহার করে মাদ্রাসা ক্যাম্পাসে ফিরে যান।

এলাকাবাসী ও সচেতন মহলের অভিযোগ, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে নিরাপদ পারাপারের পর্যাপ্ত ব্যবস্থা না থাকায় গাজীপুরে শিক্ষার্থী, শিক্ষক, পোশাকশ্রমিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ সড়ক দুর্ঘটনায় হতাহত হয়েছেন। তারা মহাসড়কের ঝুঁকিপূর্ণ স্থানগুলো চিহ্নিত করে দ্রুত স্থায়ী ও কার্যকর নিরাপত্তাব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।