ফরিদপুর প্রতিনিধি
ফরিদপুরের প্রবীণ বিএনপি নেতা ও জেলা বিএনপির অন্যতম সদস্য জাফর হোসেন বিশ্বাস ইন্তেকাল করেছেন। রোববার (৯ আগস্ট) দুপুরে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
জাফর হোসেন বিশ্বাস বিএনপির প্রতিষ্ঠালগ্ন থেকেই দলটির রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি ফরিদপুর জেলা বিএনপির গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন এবং দলের প্রবীণ নেতাদের একজন হিসেবে পরিচিত ছিলেন।
দলীয় নেতাকর্মীদের কাছে তিনি বিএনপির সাবেক কেন্দ্রীয় সহসভাপতি ও সাবেক মন্ত্রী চৌধুরী কামাল ইবনে ইউসুফের ঘনিষ্ঠ রাজনৈতিক সহকর্মী হিসেবে পরিচিত ছিলেন। রাজনৈতিক সহকর্মীদের ভাষ্য, বিভিন্ন সময়ে গুরুত্বপূর্ণ রাজনৈতিক বিষয়ে চৌধুরী কামাল ইবনে ইউসুফ জাফর হোসেন বিশ্বাসের সঙ্গে পরামর্শ করতেন।
জাফর হোসেন বিশ্বাসের রাজনৈতিক সহকর্মীরা জানান, আওয়ামী লীগ সরকারের সময়ে তিনি বিভিন্নভাবে নির্যাতন ও হয়রানির শিকার হলেও বিএনপির রাজনীতি থেকে সরে যাননি। দীর্ঘ রাজনৈতিক জীবনে নানা প্রতিকূলতার মধ্যেও তিনি দলের সঙ্গে ছিলেন।
তবে রাজনৈতিক সহকর্মীদের অভিযোগ, দীর্ঘ ১৭ বছর পর বিএনপি রাষ্ট্রক্ষমতায় এলেও প্রবীণ নেতা হিসেবে জাফর হোসেন বিশ্বাস যে সম্মান ও মূল্যায়ন পাওয়ার প্রত্যাশা করেছিলেন, তা তিনি পাননি। এ নিয়ে তার মধ্যে ক্ষোভ ও অভিমান ছিল বলেও দাবি করেন তারা।
সহকর্মীরা আরও বলেন, ‘দলের প্রতিষ্ঠালগ্ন থেকে রাজনীতির সঙ্গে থাকা একজন প্রবীণ নেতা হিসেবে জাফর হোসেন বিশ্বাসের যথাযথ মূল্যায়ন প্রয়োজন ছিল। জীবনের শেষ সময়ে তিনি অনেক কষ্ট ও চাপা ক্ষোভ বুকে ধারণ করেছিলেন।’
তার মৃত্যুতে ফরিদপুরের বিএনপির নেতাকর্মীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। প্রবীণ এই নেতার মৃত্যুতে দলীয় নেতাকর্মী ও রাজনৈতিক সহকর্মীরা গভীর শোক প্রকাশ করেছেন।

