সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি
মুন্সীগঞ্জের সিরাজদিখানে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ১০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. মজনু (৪৫) নামে এক দোকানদারকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (৮ আগস্ট) রাত ১০টা ১৫ মিনিটের দিকে উপজেলার রশুনিয়া ইউনিয়নের তাজপুর এলাকায় হিজলা ব্রিজের বিপরীতে মজনুর দোকানে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
সিরাজদিখান থানার উপপরিদর্শক (এসআই) মো. শাহ্ আলী সঙ্গীয় পুলিশ সদস্যদের নিয়ে এ অভিযান পরিচালনা করেন। এ সময় মজনুর কাছ থেকে ১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয় বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তার মো. মজনু জামালপুর জেলার মেলান্দহ থানার বানিয়াবাড়ী (পাঁচপাল্লা) এলাকার বাসিন্দা। বর্তমানে তিনি সিরাজদিখানের রশুনিয়া ইউনিয়নের তাজপুর এলাকায় আক্কাসের বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিলেন।
পুলিশ জানায়, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও মাদকবিরোধী কার্যক্রমের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়। গ্রেপ্তার মজনুর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে তাকে আদালতে পাঠানো হয়েছে।
সিরাজদিখান থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আলাউদ্দিনের তত্ত্বাবধানে এবং মুন্সীগঞ্জের পুলিশ সুপার মো. মেনহাজুল আলম, পিপিএমের দিকনির্দেশনায় মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

