আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি
ফরিদপুরের আলফাডাঙ্গায় একটি সরকারি বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. নুরুদ্দোহা ওরফে সোহেলের বিরুদ্ধে নবম শ্রেণির এক ছাত্রীকে সামাজিক যোগাযোগমাধ্যমে আপত্তিকর বার্তা পাঠানো, কুপ্রস্তাব, ব্ল্যাকমেইলের চেষ্টা ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত শিক্ষককে বহিষ্কার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১০ আগস্ট) সুধী সমাজ ও সাধারণ শিক্ষার্থীদের উদ্যোগে পৌর সদর বাজারের চুয়াল্লিশের মোড় থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তারা বলেন, একজন শিক্ষকের বিরুদ্ধে একজন শিক্ষার্থীকে হয়রানি ও অনৈতিক প্রস্তাব দেওয়ার মতো অভিযোগ অত্যন্ত গুরুতর। অভিযোগটি নিরপেক্ষভাবে তদন্ত করে সত্যতা প্রমাণিত হলে অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির পাশাপাশি বিদ্যালয় থেকে বহিষ্কারের দাবি জানান তারা।
গত ৬ আগস্ট ওই শিক্ষার্থীর পরিবারের পক্ষ থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবর লিখিত অভিযোগ দেওয়া হয়। অভিযোগে বলা হয়েছে, প্রাইভেট পড়ানোর সুযোগে ওই শিক্ষক শিক্ষার্থীকে আপত্তিকর কথাবার্তা ও কুপ্রস্তাব দিতেন। এছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমে অনাকাঙ্ক্ষিত বার্তা পাঠিয়ে হয়রানি, ব্যক্তিগত ছবি দিতে চাপ এবং ভয়ভীতি প্রদর্শনের অভিযোগও করা হয়েছে।
তবে এসব অভিযোগের বিষয়ে অভিযুক্ত শিক্ষক মো. নুরুদ্দোহার বক্তব্য জানতে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তাঁর ফোনটি বন্ধ পাওয়া যায়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজাদুল ইসলাম বলেন, অভিযোগটি তদন্তের জন্য উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হয়েছে। তদন্তের পর প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহা. শাহনুর জামান বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করে আগামী তিন দিনের মধ্যে কার্যকর ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন। তিনি জানান, অভিযোগের সত্যতা ও সংশ্লিষ্ট বিষয়গুলো যাচাই করে আইন ও বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

