নিজস্ব প্রতিবেদক, গাজীপুর
বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) ‘স্কুল অব ল’-এর ক্যারিয়ার ডেভেলপমেন্ট অ্যান্ড কমিউনিটি অ্যাওয়ারনেস ক্লাব (CDCA)-এর উদ্যোগে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বিজেএস) পরীক্ষা প্রস্তুতি ও দিকনির্দেশনা বিষয়ক বিশেষ ওয়েবিনার অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১১ আগস্ট) আয়োজিত এ ওয়েবিনারে মুখ্য আলোচক হিসেবে বক্তব্য দেন নেত্রকোনা জেলা ও দায়রা জজ আদালতের সিভিল জজ জীবন নাহার নয়ন।
তিনি বিজেএস পরীক্ষায় সফলতার জন্য নিয়মিত ও কঠোর অধ্যবসায়, পরীক্ষার সিলেবাস সম্পর্কে সুস্পষ্ট ধারণা এবং গুরুত্বপূর্ণ আইনসমূহ ভালোভাবে আয়ত্ত করার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যম থেকে দূরে থেকে নোট তৈরি করে পড়াশোনা এবং স্বাস্থ্যের প্রতি যত্নশীল হওয়ার পরামর্শ দেন তিনি।
ওয়েবিনারে সঞ্চালনা করেন ‘স্কুল অব ল’-এর প্রভাষক ও CDCA-এর কো-অর্ডিনেটর রিচিমনি প্রমা। তিনি বলেন, বিজেএসের মতো প্রতিযোগিতামূলক পরীক্ষায় সফল হতে হলে কঠোর পরিশ্রমের পাশাপাশি ত্যাগ স্বীকারের মানসিকতা থাকতে হবে।
সমাপনী বক্তব্যে অনুষ্ঠানের সভাপতি ও ‘স্কুল অব ল’-এর ডিন অধ্যাপক ড. নাহিদ ফেরদৌসী বলেন, শিক্ষার্থীদের ক্যারিয়ার গঠনে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। CDCA-এর মাধ্যমে বিজেএস, লিগ্যাল প্রফেশন, গবেষণা ও একাডেমিয়াসহ বিভিন্ন ক্ষেত্রে ক্যারিয়ার প্রস্তুতির জন্য শিক্ষার্থীদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হচ্ছে। তিনি ওয়েবিনারে অংশগ্রহণের জন্য মুখ্য আলোচককে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।
ওয়েবিনারে শিক্ষার্থীরা প্রশ্নোত্তর পর্বে অংশ নেন। এ সময় মুখ্য আলোচক তাদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন এবং বিজেএস পরীক্ষার প্রস্তুতি বিষয়ে প্রয়োজনীয় পরামর্শ প্রদান করেন।
অনুষ্ঠানে সারা দেশের আইন বিভাগের প্রায় শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

