নিজস্ব প্রতিবেদক, গাজীপুর
বাংলাদেশে নিযুক্ত জার্মান রাষ্ট্রদূত ড. রুডিগার লৎসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর (ভিসি) প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহ।
সোমবার (১০ আগস্ট) ঢাকার বারিধারার কূটনৈতিক জোনে অবস্থিত জার্মান দূতাবাসে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ব্যবস্থা, উচ্চশিক্ষার মানোন্নয়ন এবং জার্মানির বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সঙ্গে একাডেমিক ও গবেষণা সহযোগিতার সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
সাক্ষাৎকালে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহ বলেন, “জাতীয় বিশ্ববিদ্যালয় দেশের বিপুল তরুণ জনগোষ্ঠীকে দক্ষ জনশক্তিতে রূপান্তর করতে কারিগরি ও মানসম্মত শিক্ষার ওপর বিশেষ গুরুত্ব দিচ্ছে। জার্মানির বিশ্ববিদ্যালয়গুলোর সঙ্গে যৌথ একাডেমিক কার্যক্রম, শিক্ষক-শিক্ষার্থী বিনিময় কর্মসূচি এবং উচ্চতর গবেষণায় পারস্পরিক সহযোগিতা বাংলাদেশের শিক্ষার্থীদের বৈশ্বিক প্রেক্ষাপটে দক্ষ করে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”
জার্মান রাষ্ট্রদূত ড. রুডিগার লৎসে জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন শিক্ষা কার্যক্রমের প্রশংসা করেন। একই সঙ্গে বাংলাদেশের উচ্চশিক্ষার প্রসার ও দক্ষতা বৃদ্ধিতে জার্মানির পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন তিনি।
এ সময় জার্মান দূতাবাসের পলিটিক্যাল, প্রেস ও কালচারাল সেকশনের ফার্স্ট সেক্রেটারি মনিকা রয়টার এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের ইন্টারন্যাশনাল ডেস্কের পরিচালক রাজ বিন কাসেম উপস্থিত ছিলেন।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক তাইয়েবা তাসনীম সিরাজ বিষয়টি নিশ্চিত করেছেন।

