কাশিয়ানী (গোপালগঞ্জ) প্রতিনিধি
গোপালগঞ্জের কাশিয়ানীতে সানজিদা বেগম (৩০) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। দাম্পত্য কলহের জেরে তিনি আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। তবে নিহতের পরিবারের দাবি, পরকীয়ার ঘটনাকে কেন্দ্র করে এ মৃত্যুর ঘটনা ঘটেছে।
মঙ্গলবার (১১ আগস্ট) উপজেলার ফুকরা ইউনিয়নের সাফলীডাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত সানজিদা বেগম ওই গ্রামের ইমরান শেখের (৪০) স্ত্রী এবং উপজেলার রাতইল গ্রামের কালাম মোল্যার মেয়ে। স্বামী-স্ত্রীর সংসারে দুই কন্যাসন্তান রয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দাম্পত্য কলহের জেরে স্বামী-স্ত্রীর মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। সোমবার দিবাগত রাতে স্বামীর মোবাইল ফোন বন্ধ পেয়ে সানজিদা প্রতিবেশীদের বাড়িতে গিয়ে খোঁজ নেন। পরে নিজ বাড়িতে ফিরে ঘুমিয়ে পড়েন।
গভীর রাতে প্রতিবেশী বিলকিস বেগম সানজিদার খোঁজ নিতে গিয়ে জানালা দিয়ে ঘরের আড়ার সঙ্গে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে তিনি বিষয়টি প্রতিবেশীদের জানান। সকালে পুলিশকে খবর দেওয়া হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
নিহতের পরিবারের অভিযোগ, প্রতিবেশী এক নারীর সঙ্গে পরকীয়ার ঘটনাকে কেন্দ্র করে সানজিদা ও তার স্বামীর মধ্যে বিরোধ চলছিল। এ বিরোধের জেরেই সানজিদার মৃত্যু হয়েছে বলে দাবি তাদের। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত ও দায়ীদের বিচার দাবি করেছেন।
এ ঘটনায় নিহতের স্বামী ইমরান শেখকে আটক করেছে পুলিশ।
কাশিয়ানী থানার রামদিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোল্যা আফজাল হোসেন জানান, দাম্পত্য কলহের জেরে এ ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

