কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি
গোপালগঞ্জের কোটালীপাড়ায় স্কুলছাত্রীদের উত্ত্যক্ত করার অভিযোগে সয়ন তাঁজ নামে এক যুবককে মারধর করেছে স্থানীয় জনতা। মঙ্গলবার (১১ আগস্ট) দুপুরে উপজেলার সরকারি কোটালীপাড়া কলেজের সামনে এ ঘটনা ঘটে। পরে আহত অবস্থায় তাকে উদ্ধার করে কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার আমতলী ইউনিয়নের সোনাটিয়া গ্রামের ফুলমিয়া তাঁজের ছেলে সয়ন তাঁজ বিভিন্ন সময় উপজেলার বিভিন্ন স্কুলের সামনে অবস্থান করে ছাত্রীদের উত্ত্যক্ত ও বিভিন্ন ধরনের প্রস্তাব দিতেন বলে অভিযোগ রয়েছে। এ ধরনের একাধিক ঘটনা জানাজানি হলে স্থানীয়রা তার পরিবারের সদস্যদের বিষয়টি অবহিত করেন।
এরই ধারাবাহিকতায় মঙ্গলবার দুপুরে সরকারি কোটালীপাড়া কলেজের সামনে ছাত্রীদের উত্ত্যক্ত করার অভিযোগে স্থানীয়রা সয়ন তাঁজকে আটক করে মারধর করেন। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় বিষয়টি নিয়ে আলোচনা সৃষ্টি হয়।
কোটালীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রিয়াদ মাহমুদ বলেন, “বিষয়টি এখন জানতে পেরেছি। তদন্ত করে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।”

