Nabadhara
ঢাকামঙ্গলবার , ১১ আগস্ট ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

আলফাডাঙ্গায় ফুলে সাজানো গাড়িতে স্কুল শিক্ষকের রাজকীয় বিদায়

আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি
আগস্ট ১১, ২০২৬ ১০:০০ অপরাহ্ণ
Link Copied!

আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি

দীর্ঘ ৩০ বছরের শিক্ষকতা জীবনের ইতি টেনে ফুলে সাজানো গাড়িতে ব্যতিক্রমী আয়োজনে বিদায় নিলেন ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার শিরগ্রাম বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক (ইসলাম শিক্ষা) মো. আব্দুস সাত্তার। সহকর্মী ও শিক্ষার্থীদের ভালোবাসায় আবেগঘন হয়ে ওঠে তাঁর অবসরজনিত বিদায় অনুষ্ঠান।

 

মঙ্গলবার (১১ আগস্ট) দুপুরে বিদ্যালয় প্রাঙ্গণে এ বিদায় সংবর্ধনার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আইয়ুব আলী মৃধা।

অনুষ্ঠানের শুরুতে শিক্ষক-শিক্ষার্থীরা ফুল দিয়ে বিদায়ী শিক্ষককে বরণ করে নেন। পরে তাঁর হাতে ক্রেস্ট, মানপত্র, ছাতা, লাঠি, হাতঘড়িসহ বিভিন্ন উপহারসামগ্রী তুলে দেওয়া হয়। দীর্ঘ কর্মজীবনের স্মৃতিচারণ করতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন সহকর্মী ও শিক্ষার্থীরা।

প্রধান শিক্ষক মো. আইয়ুব আলী মৃধা বলেন, ‘দীর্ঘ ৩০ বছর নিষ্ঠা, সততা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন আব্দুস সাত্তার। তাঁর মতো একজন অভিজ্ঞ শিক্ষককে বিদায় দেওয়া বিদ্যালয়ের জন্য অত্যন্ত আবেগের। কর্ম ও আদর্শের মাধ্যমে তিনি সবার মাঝে স্মরণীয় হয়ে থাকবেন।’

বিদায়ী শিক্ষক মো. আব্দুস সাত্তার বলেন, ‘দীর্ঘ সময় এই বিদ্যালয়ের সঙ্গে আমার জীবনের অসংখ্য স্মৃতি জড়িয়ে আছে। শিক্ষক-শিক্ষার্থীদের কাছ থেকে পাওয়া ভালোবাসা, সম্মান ও উপহার আমার শিক্ষকতা জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি। জীবনের বাকি সময় সুন্দরভাবে কাটাতে সবার কাছে দোয়া চাই।’

সংবর্ধনা শেষে বিদ্যালয়ের প্রধান ফটকের সামনে ফুল দিয়ে সাজানো একটি গাড়ি প্রস্তুত রাখা হয়। বিদ্যালয় ভবন থেকে প্রধান ফটক পর্যন্ত সারিবদ্ধভাবে ফুল হাতে দাঁড়িয়ে থাকেন সহকর্মী শিক্ষকরা।

একপর্যায়ে বিদায়ী শিক্ষক বিদ্যালয় ভবন থেকে বের হলে করতালি ও ফুলের পাপড়ি ছিটিয়ে তাঁকে গাড়ির কাছে নিয়ে যান সহকর্মীরা। প্রিয় শিক্ষককে বিদায় জানাতে গিয়ে অনেকেই আবেগাপ্লুত হয়ে পড়েন।

পরে সহকর্মী শিক্ষকরা মোটরসাইকেলে সামনে থেকে পথ দেখিয়ে ফুলে সাজানো গাড়িতে করে মো. আব্দুস সাত্তারকে তাঁর বাড়িতে পৌঁছে দেন। ব্যতিক্রমী এই বিদায়যাত্রা পথচারীদেরও দৃষ্টি কাড়ে।

বিদায় অনুষ্ঠানে বোয়ালমারী উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হাসীবুজ্জামান শাহিন, শিরগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইস্রাফিল সর্দার, চরনারানদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক হিটলার খান, শিরগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সহসভাপতি শাহরিয়ার কিরণ, আলফাডাঙ্গা সরকারি কলেজ শাখা ছাত্রদলের সভাপতি আব্দুল জব্বার মোল্লাসহ শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

ফুল দিয়ে বরণ, ক্রেস্ট ও উপহারসামগ্রী প্রদান, ফুলের পাপড়ি ছিটিয়ে বিদায় এবং ফুলে সাজানো গাড়িতে বাড়ি পৌঁছে দেওয়ার মধ্য দিয়ে মো. আব্দুস সাত্তারের অবসরজনিত বিদায় হয়ে ওঠে ব্যতিক্রমী, আবেগঘন ও স্মরণীয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।