আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি
জনভোগান্তি নিরসন ও সরকারি সেবার মান নিশ্চিত করতে ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পল্লী বিদ্যুৎ সমিতির আলফাডাঙ্গা সাব-জোনাল অফিস আকস্মিক পরিদর্শন করেছেন ফরিদপুর-১ আসনের সংসদ সদস্য প্রফেসর ড. মো. ইলিয়াস মোল্লা।
মঙ্গলবার (১১ আগস্ট) বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত সেবা প্রদানকারী প্রতিষ্ঠান দুটিতে সরেজমিনে উপস্থিত হয়ে তিনি সাধারণ মানুষের বিভিন্ন অভিযোগ শোনেন এবং জনদুর্ভোগ দ্রুত লাঘবে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা দেন।
বেলা ১১টার দিকে সংসদ সদস্য হঠাৎ আলফাডাঙ্গা পল্লী বিদ্যুৎ সমিতির সাব-জোনাল অফিসে উপস্থিত হন। সেখানে সাব-জোনাল অফিসের এজিএম আশীষ কুমার রায়ের সঙ্গে বৈঠক করেন তিনি। এ সময় অতিরিক্ত লোডশেডিং ও মাত্রাতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে গ্রাহকদের অভিযোগের বিষয়টি তুলে ধরেন এমপি।
ইলিয়াস মোল্লা বলেন, জনগণকে অন্ধকারে রেখে অঘোষিত লোডশেডিং মেনে নেওয়া হবে না। লোডশেডিং করতে হলে নির্দিষ্ট সময়সূচি আগে থেকে নির্ধারণ করে জনগণকে জানাতে হবে, যাতে তারা প্রয়োজনীয় প্রস্তুতি নিতে পারেন। পাশাপাশি গ্রাহক হয়রানি ও বিদ্যুৎ বিলে অসংগতি বন্ধ করে দ্রুত নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সেবা নিশ্চিত করার তাগিদ দেন তিনি।
সাব-জোনাল অফিসের এজিএম আশীষ কুমার রায় বলেন, সংসদ সদস্যের পরামর্শগুলো গুরুত্বের সঙ্গে নোট করা হয়েছে। চাহিদার তুলনায় বিদ্যুতের বরাদ্দ কম থাকায় লোডশেডিংয়ের মাধ্যমে বিদ্যুতের লোড বণ্টন ও মনিটরিং করা হচ্ছে। বেশি বিদ্যুৎ বিল আসার অভিযোগগুলোও যাচাই-বাছাই করে দেখা হচ্ছে। অন্যান্য বিষয় দ্রুত সমাধানে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।
বিদ্যুৎ অফিস পরিদর্শন শেষে দুপুর ১২টার দিকে সংসদ সদস্য আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যান। সেখানে চিকিৎসকদের উপস্থিতি তদারকি করার পাশাপাশি হাসপাতালের সার্বিক ব্যবস্থাপনা নিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেন তিনি।
পরে হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড পরিদর্শন করে চিকিৎসাধীন রোগীদের সঙ্গে কথা বলেন এবং তাদের চিকিৎসাসেবার খোঁজখবর নেন। এ সময় রোগীরা বিভিন্ন ভোগান্তির কথা জানালে হাসপাতালের স্বাস্থ্যসেবার পরিবেশ উন্নত করা এবং চিকিৎসকদের নিয়মিত উপস্থিতি নিশ্চিত করতে কর্তৃপক্ষকে প্রয়োজনীয় নির্দেশনা দেন সংসদ সদস্য।
পরিদর্শনকালে সংসদ সদস্যের সঙ্গে ছিলেন উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা কামাল হোসাইন, নায়েবে আমির ও উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী এস এম রিদওয়ানুন্নবী (রেদওয়ান), সেক্রেটারি এস এম হাফিজুর রহমান, পৌর আমির ওয়াহিদুল ইসলাম, উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মো. মনিরুজ্জামান, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি জিয়াউল হাসান এবং বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের উপজেলা সভাপতি মো. জাবেদ হোসেনসহ স্থানীয় নেতাকর্মীরা।

