মুন্সীগঞ্জ প্রতিনিধি
মুন্সীগঞ্জ সদর উপজেলার পঞ্চসার ইউনিয়নের চর সন্তোষপুর (চর মুক্তারপুর) এলাকায় ‘বিসমিল্লাহ ব্রেড অ্যান্ড বিস্কুট ফ্যাক্টরি’তে অস্বাস্থ্যকর ও অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্যপণ্য উৎপাদনের অভিযোগ উঠেছে। একই সঙ্গে প্রতিষ্ঠানটির ট্রেড লাইসেন্স ও নিরাপদ খাদ্য সংক্রান্ত প্রয়োজনীয় ছাড়পত্র না থাকার অভিযোগও পাওয়া গেছে।
সরেজমিনে দেখা যায়, কারখানার ভেতরে খোলামেলা ও অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্যপণ্যের কাঁচামাল ও তৈরি খাবার রাখা হয়েছে। বিভিন্ন মেশিন ও যন্ত্রপাতিতে ময়লার স্তর জমে থাকতে দেখা যায়। কারখানার মেঝেতে পড়ে থাকা খাবারের ওপর মাছি বসতে দেখা গেছে। আশপাশে ছিল তৈলাক্ত ময়লা ও আবর্জনা।
এ সময় শ্রমিকদের অপরিষ্কার হাতে খাদ্যপণ্য উৎপাদন ও প্যাকেটজাত করতে দেখা যায়। মেঝেতে পড়ে থাকা খাদ্যপণ্যের পাশ দিয়েই জুতা পায়ে চলাচল করছিলেন শ্রমিকরা। এতে উৎপাদিত খাদ্যের স্বাস্থ্যনিরাপত্তা ও মান নিয়ে প্রশ্ন উঠেছে।
স্থানীয়দের অভিযোগ, দীর্ঘ এক যুগেরও বেশি সময় ধরে প্রতিষ্ঠানটি এলাকায় কার্যক্রম পরিচালনা করছে। কিছুটা নিরিবিলি এলাকায় হওয়ায় প্রশাসনের নিয়মিত নজরদারি কম থাকায় খাদ্য উৎপাদন ও সংরক্ষণের ক্ষেত্রে প্রয়োজনীয় স্বাস্থ্যবিধি মানা হচ্ছে না।
এ ছাড়া মেয়াদোত্তীর্ণ বিস্কুট, রুটি, কেকসহ বিভিন্ন খাদ্যপণ্য পুনরায় প্রক্রিয়াজাত করে ব্যবহারের অভিযোগও করেছেন স্থানীয়রা। উৎপাদিত খাদ্যপণ্যে ইচ্ছামতো মেয়াদ উল্লেখ করার অভিযোগও রয়েছে। তবে এসব অভিযোগের স্বাধীনভাবে সত্যতা যাচাই করা সম্ভব হয়নি।
কারখানাটির বিষয়ে জানতে চাইলে স্বত্বাধিকারী আফাজ উদ্দিন ক্ষিপ্ত হয়ে প্রতিবেদককে বলেন, “আপনি কে? কেউ কোনো দিন জিজ্ঞেস করতে আসলো না। আপনাকে কেন বলবো? আমাদের সব ঠিক আছে।” এ সময় তিনি প্রতিবেদককে কারখানার ছবি তুলতে বলেন এবং প্রতিবেদকের ছবিও তোলেন।
এ বিষয়ে মুন্সীগঞ্জ জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আসিফ আল আজাদ বলেন, “আপনার কাছ থেকে বিষয়টি সম্পর্কে অবগত হলাম। আমরা খুব শিগগিরই প্রতিষ্ঠানটি পরিদর্শন করে আইন অনুযায়ী ব্যবস্থা নেব।”
স্থানীয়দের দাবি, কারখানাটির বিরুদ্ধে ওঠা অভিযোগ দ্রুত তদন্ত করে দেখা হোক। অভিযোগের সত্যতা পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার পাশাপাশি খাদ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানটিতে নিয়মিত নজরদারি জোরদার করা হোক।

