Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ১৩ আগস্ট ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

নোয়াখালীকে সিটি করপোরেশন ঘোষণার দাবিতে প্রধানমন্ত্রীর কাছে সাংবাদিক ইউনিয়নের স্মারকলিপি

নোয়াখালী প্রতিনিধি
আগস্ট ১৩, ২০২৬ ৪:২০ অপরাহ্ণ
Link Copied!

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীকে ‘সিটি করপোরেশন’ হিসেবে ঘোষণা ও বাস্তবায়নের দাবিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে স্মারকলিপি দিয়েছে নোয়াখালী সাংবাদিক ইউনিয়ন (এনইউজে)।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুরে নোয়াখালী জেলা প্রশাসক মুহাম্মদ শফিকুল ইসলামের মাধ্যমে প্রধানমন্ত্রীর বরাবর এ স্মারকলিপি প্রদান করা হয়।

নোয়াখালী সাংবাদিক ইউনিয়নের সভাপতি লিয়াকত আলী খান ও সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলমের নেতৃত্বে সংগঠনের একটি প্রতিনিধিদল জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে স্মারকলিপিটি হস্তান্তর করে।

স্মারকলিপিতে বলা হয়, নোয়াখালী দেশের একটি প্রাচীন ও ঐতিহ্যবাহী জেলা। বর্তমানে জেলাটিতে ৯টি উপজেলা, ১০টি থানা ও ৮টি পৌরসভা রয়েছে। একসময় বৃহত্তর নোয়াখালীর অন্তর্ভুক্ত ছিল ফেনী ও লক্ষ্মীপুরও। ৩ হাজার ৬৮৫ দশমিক ৮৭ বর্গকিলোমিটার আয়তনের এ জেলার প্রশাসনিক সদর দপ্তর মাইজদীতে অবস্থিত।

স্মারকলিপিতে স্থানীয় সরকার আইন-২০০৯-এর ৩(৪) ধারা অনুযায়ী সিটি করপোরেশন প্রতিষ্ঠার বিভিন্ন তথ্য তুলে ধরা হয়। এতে উল্লেখ করা হয়, প্রস্তাবিত নোয়াখালী সিটি করপোরেশনের আয়তন ৫৭ দশমিক ৬৫ বর্গকিলোমিটার এবং জনসংখ্যা ৪ লাখ ৫৭ হাজার ৮৭৯ জন। এখানে প্রতি বর্গকিলোমিটারে জনসংখ্যার ঘনত্ব ৭ হাজার ৯৪২ জন।

এতে আরও বলা হয়, নোয়াখালী পৌরসভা ও চৌমুহনী পৌরসভার দূরত্ব মাত্র ৬ কিলোমিটার। নোয়াখালী-কুমিল্লা ফোরলেন সড়কের মাধ্যমে নোয়াখালী পৌরসভার কাদির হানিফ ইউনিয়ন, একলাশপুর ইউনিয়ন ও চৌমুহনী পৌরসভা পরস্পরের সঙ্গে যুক্ত। এ এলাকায় পাটকল, এগ্রো প্রডাক্ট, পোল্ট্রি ফিড, হ্যাচারি, ফুড অ্যান্ড বেভারেজসহ বিভিন্ন শিল্পকারখানা গড়ে উঠেছে।

এ ছাড়া নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ, ২৫০ শয্যার জেনারেল হাসপাতাল, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ, কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট, বিসিক শিল্পনগরী ও বিমানবন্দর রয়েছে। পাশাপাশি বিশেষ অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার কাজও চলমান রয়েছে বলে স্মারকলিপিতে উল্লেখ করা হয়।

সাংবাদিক নেতৃবৃন্দ জানান, গত ১ মার্চ ২০২৬ তারিখে স্থানীয় সরকার বিভাগের সচিব বরাবর জেলা প্রশাসক মুহাম্মদ শফিকুল ইসলাম স্থানীয় সরকার প্রতিষ্ঠান বিধিমালা ২০১০-এর বিধি ৪-এ বর্ণিত শর্ত অনুযায়ী প্রয়োজনীয় তথ্য প্রদান করেছেন।

নোয়াখালী সাংবাদিক ইউনিয়নের সভাপতি লিয়াকত আলী খান বলেন, দল-মত ও ধর্ম-বর্ণ নির্বিশেষে নোয়াখালীর সর্বস্তরের মানুষের দীর্ঘদিনের দাবি নোয়াখালীকে সিটি করপোরেশনে উন্নীত করা। নোয়াখালী পৌরসভা, কাদির হানিফ ইউনিয়ন, নোয়ান্নই ইউনিয়নের একাংশ, একলাশপুর ইউনিয়ন ও চৌমুহনী পৌরসভাকে একত্রিত করে সিটি করপোরেশন বাস্তবায়ন করা হলে জেলার সমৃদ্ধি ও উন্নয়ন আরও ত্বরান্বিত হবে।

স্মারকলিপি প্রদানকালে নোয়াখেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।