মনিরামপুর (যশোর) প্রতিনিধি
যশোর-৫ (মনিরামপুর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট গাজী এনামুল হক বলেছেন, বিলুপ্তপ্রায় দেশীয় প্রজাতির মাছ উৎপাদনে যার যার অবস্থান থেকে সবাইকে এগিয়ে আসতে হবে। মৎস্য খাতের উন্নয়নে যুগোপযোগী পদক্ষেপ নেওয়ার এখনই সময়। এতে সাদা মাছের পাশাপাশি দেশীয় প্রজাতির মাছ রপ্তানি করে বিপুল বৈদেশিক মুদ্রা অর্জন করা সম্ভব।
রোববার সকালে মনিরামপুর উপজেলা প্রশাসন ও সিনিয়র মৎস্য কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সম্রাট হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় এমপি এনামুল হক বলেন, দেশের বৃহত্তর এই উপজেলায় পরিকল্পিতভাবে মাছের ঘের তৈরি করতে হবে। পরিকল্পিত মাছের ঘেরে বিলুপ্তপ্রায় দেশীয় প্রজাতিসহ প্রায় সব ধরনের মাছ উৎপাদন করা সম্ভব। এসব ঘেরে উৎপাদিত মাছ দেশের চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
তিনি বলেন, মৎস্য খাতকে আরও সমৃদ্ধ করতে আধুনিক প্রযুক্তি ও পরিকল্পিত ব্যবস্থাপনার মাধ্যমে মাছের উৎপাদন বাড়াতে হবে। পাশাপাশি দেশীয় প্রজাতির মাছ সংরক্ষণ ও উৎপাদনে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
গ্রাম আদালত কো-অর্ডিনেটর অনুপম ঘোষের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিন্টু ও উপজেলা জামায়াতের আমির অধ্যাপক ফজলুল হক।
এ সময় বক্তব্য দেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. সেলিম রেজা, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাঈদ ও বীর মুক্তিযোদ্ধা আক্তার হোসেন খান। অনুষ্ঠানে বিএনপি নেতা সন্তোষ স্বরসহ স্থানীয় বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, মৎস্যজীবী ও মৎস্যচাষীরা উপস্থিত ছিলেন।
এর আগে স্থানীয় সংসদ সদস্য অ্যাডভোকেট গাজী এনামুল হকের নেতৃত্বে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি পৌর শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়।
আলোচনা সভা শেষে মৎস্য চাষে বিশেষ সাফল্য অর্জনকারী কয়েকজন সফল মৎস্যচাষীর হাতে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের অতিথিরা।

