আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি
মেধা, অধ্যবসায় ও সাফল্যে নিজেদের আলাদা পরিচয় তৈরি করেছেন ভাই মো. জান্নাতুন নাঈম ও বোন শাহিনা আফরোজ বর্ষা। একই শিক্ষাপ্রতিষ্ঠান ধলাইরচর বরকতিয়া আলিম মাদ্রাসা থেকে আলিম পরীক্ষায় জিপিএ-৫ অর্জন করেছেন তারা। কৃতিত্বের স্বীকৃতি হিসেবে শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে তাদের উপহার দেওয়া হয়েছে।
রোববার (১৬ আগস্ট) বিকেলে আলফাডাঙ্গা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস কার্যালয় চত্বরে কৃতি দুই শিক্ষার্থীর হাতে শিক্ষা মন্ত্রণালয়ের দেওয়া উপহার তুলে দেন ধলাইরচর বরকতিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ মোসলেম উদ্দিন। এ সময় উপস্থিত ছিলেন মাদ্রাসার সহকারী শিক্ষক আখতারুজ্জামান।
জান্নাতুন নাঈম ও শাহিনা আফরোজ বর্ষা ফরিদপুরের আলফাডাঙ্গা পৌর এলাকার মিঠাপুর কলেজপাড়ার বাসিন্দা। তাদের বাবা মো. মতিউর রহমান এবং মা মোছা. নাসরিন নাহার।
মো. জান্নাতুন নাঈম ২০২৪ সালে ধলাইরচর বরকতিয়া আলিম মাদ্রাসা থেকে আলিম পরীক্ষায় জিপিএ-৫ অর্জন করেন। বর্তমানে তিনি গোপালগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটের কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি বিভাগে পড়াশোনা করছেন।
অন্যদিকে, শাহিনা আফরোজ বর্ষাও একই মাদ্রাসা থেকে আলিম পরীক্ষায় জিপিএ-৫ অর্জন করেন। বর্তমানে তিনি আলফাডাঙ্গা সরকারি ডিগ্রি কলেজের সমাজবিজ্ঞান বিভাগে অনার্স দ্বিতীয় বর্ষে অধ্যয়নরত।
স্বীকৃতি ও উপহার পেয়ে আনন্দ প্রকাশ করে দুই ভাই-বোন বলেন, “এই স্বীকৃতি ও উপহার পেয়ে আমরা আনন্দিত ও অনুপ্রাণিত। আমাদের সাফল্যের পেছনে বাবা-মা ও শিক্ষকদের সহযোগিতা রয়েছে। তাঁদের প্রতি আমরা কৃতজ্ঞ। ভবিষ্যতে আরও ভালোভাবে পড়াশোনা করে নিজেদের যোগ্যতায় প্রতিষ্ঠিত হয়ে দেশ ও সমাজের কল্যাণে কাজ করতে পারি—এ জন্য সবার কাছে দোয়া চাই।”
ধলাইরচর বরকতিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ মোসলেম উদ্দিন বলেন, “দুই ভাই-বোনই আমাদের প্রতিষ্ঠানের কৃতি শিক্ষার্থী। তারা জিপিএ-৫ অর্জন করে প্রতিষ্ঠানের সুনাম বয়ে এনেছে। তাদের সাফল্যে আমরা গর্বিত। ভবিষ্যতের জন্য তাদের শুভকামনা জানাই।”
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মোজাম্মেল হক বলেন, “কৃতি শিক্ষার্থীদের এ ধরনের স্বীকৃতি তাদের আরও ভালো করার অনুপ্রেরণা দেবে। শিক্ষা মন্ত্রণালয়ের এমন উদ্যোগ প্রশংসনীয়।”

