স্টাফ রিপোর্টার, নড়াইল
নড়াইলের লোহাগড়ায় মহাসড়কে টায়ার জ্বালিয়ে ও কাঠের গুঁড়ি ফেলে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার অভিযোগে কাশিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও নিষিদ্ধ ঘোষিত উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মতিয়ার রহমানকে প্রধান আসামি করে নাশকতার মামলা দায়ের করা হয়েছে।
মামলায় যুবলীগ ও ছাত্রলীগের ৪২ নেতাকর্মীর নাম উল্লেখ করা হয়েছে। এছাড়া অজ্ঞাতনামা আরও ৭০ থেকে ৮০ জনকে আসামি করা হয়েছে। আসামিদের অধিকাংশের বাড়ি উপজেলার কাশিপুর ইউনিয়নের বিভিন্ন গ্রামে বলে পুলিশ ও মামলার সূত্রে জানা গেছে।
পুলিশ ও মামলা সূত্রে জানা যায়, গত ১৪ আগস্ট গভীর রাতে কালনা-নড়াইল-যশোর-বেনাপোল মহাসড়কের লোহাগড়ার এড়েন্দা বাসস্ট্যান্ডের পশ্চিম পাশে মহাসড়কের ওপর টায়ার জ্বালিয়ে ও কাঠের গুঁড়ি ফেলে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার অভিযোগ ওঠে। এ ঘটনার একটি ভিডিও রাতেই সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে।
এ ঘটনায় উপজেলার কাশিপুর ইউনিয়নের গিলাতলা গ্রামের হাসান মোল্যা বাদী হয়ে ১৬ আগস্ট রাতে লোহাগড়া থানায় নাশকতার অভিযোগে মামলাটি দায়ের করেন। মামলার নম্বর-১২, তারিখ-১৬ আগস্ট ২০২৬।
লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহমান সোমবার (১৭ আগস্ট) বিকেলে বলেন, ১৫ আগস্টকে কেন্দ্র করে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে নাশকতার মামলা হয়েছে। মামলার আসামিদের আটকের জন্য অভিযান চলছে।

