মো. জিহাদুল ইসলাম, কালিয়া (নড়াইল) প্রতিনিধি
নড়াইলের কালিয়ায় বড় ভাই মোতালেব হোসেন মোল্যার বিভিন্ন অভিযোগের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন তার অপর পাঁচ ভাই। মঙ্গলবার (১৮ আগস্ট) সকাল ১০টায় বাবরা-হাচলা ইউনিয়নের শুক্তগ্রাম বাজার বিএনপি কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে মোতালেব হোসেনের দেওয়া বক্তব্যকে মিথ্যা, ভিত্তিহীন ও বিভ্রান্তিকর দাবি করেন তার ভাই এনায়েত মোল্যা, মোতাহের মোল্যা, মোকাদ্দেস মোল্যা, হেমায়েত মোল্যা ও বেলায়েত মোল্যা। তারা বাবরা-হাচলা ইউনিয়নের হাচলা গ্রামের মৃত মোকলেছ মোল্যার সন্তান।
লিখিত বক্তব্যে এনায়েত মোল্যা বলেন, পারিবারিক জমি-জমা নিয়ে বিরোধের জেরে বড় ভাই মোতালেব হোসেন বিভিন্ন সময় তাদের হয়রানি করছেন এবং এলাকায় অশান্তি সৃষ্টি করছেন। জমি-জমা সংক্রান্ত বিরোধের সঙ্গে জাতীয় সংসদ সদস্য বিশ্বাস জাহাঙ্গীর আলমসহ স্থানীয় ব্যক্তিদের জড়িয়ে দেওয়া হয়েছে বলেও অভিযোগ করেন তিনি। তবে এ ধরনের অভিযোগ তিনি প্রত্যাখ্যান করেন।
এনায়েত মোল্যা আরও বলেন, জমি-জমা নিয়ে বিরোধের শান্তিপূর্ণ সমাধানের জন্য স্থানীয়ভাবে একাধিকবার মীমাংসার উদ্যোগ নেওয়া হলেও তা সফল হয়নি। পাল্টাপাল্টি অভিযোগের পরিবর্তে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটনের দাবি জানান তিনি।
সংবাদ সম্মেলনের মাধ্যমে এনায়েত মোল্যা ও তার অপর চার ভাই এলাকাবাসীকে কোনো ধরনের বিভ্রান্তিকর বা মিথ্যা প্রচারণায় বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানান। একই সঙ্গে তারা পারিবারিক বিরোধ শান্তিপূর্ণভাবে সমাধানের জন্য বড় ভাই মোতালেব হোসেনের প্রতি আহ্বান জানান।
সংবাদ সম্মেলনে ৯ নম্বর ওয়ার্ড সদস্য মরফুদ খান, আজাদ হুসাইন, মোহসীন শেখ, মিরাজ খানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলন শেষে ডা. মোতালেব হোসেনের করা সংবাদ সম্মেলনের বক্তব্যের প্রতিবাদ ও নিন্দা জানিয়ে স্থানীয় কয়েকজন বিক্ষোভ করেন।

