মধুখালী (ফরিদপুর) প্রতিনিধি
দেশব্যাপী নারীর প্রতি অব্যাহত সহিংসতা, ধর্ষণ, হত্যা ও শিশু নির্যাতনের প্রতিবাদে ফরিদপুরের মধুখালীতে মানববন্ধন করেছে বাংলাদেশ মহিলা পরিষদ মধুখালী সাংগঠনিক জেলা শাখা।
মঙ্গলবার (১৮ আগস্ট) বেলা সাড়ে ১১টায় মধুখালী উপজেলা পরিষদ ভবনের সামনে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বাংলাদেশ মহিলা পরিষদ মধুখালী সাংগঠনিক জেলা শাখার সভাপতি সুরাইয়া সালাম।
মানববন্ধনে বক্তারা দেশব্যাপী নারী ও শিশুদের ওপর সহিংসতা, ধর্ষণ ও হত্যার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেন। একই সঙ্গে এসব অপরাধ প্রতিরোধে কার্যকর পদক্ষেপ নেওয়া এবং অপরাধীদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে প্রশাসনের প্রতি আহ্বান জানান।
এ সময় বক্তব্য দেন মধুখালী রইছুন নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুদীপ্ত কুমার বিশ্বাস, মধুখালী পাইলট উচ্চ বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক দিপংকর পাল, মহিলা পরিষদের মধুখালী সাংগঠনিক জেলা শাখার আন্দোলন সম্পাদক মিলি ইসলাম, লিগ্যাল এইড সম্পাদক মোরশেদা আক্তার মিনা, প্রশিক্ষণ সম্পাদক ও সমাজসেবক রেশমা আক্তার, জেসমিন ইসলামসহ সংগঠনের নেতৃবৃন্দ।
মানববন্ধন শেষে বাংলাদেশ মহিলা পরিষদ মধুখালী সাংগঠনিক জেলা শাখার সভাপতি সুরাইয়া সালামের নেতৃত্বে একটি প্রতিনিধি দল সদ্য যোগদানকারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাসুদুর রহমানের সঙ্গে তাঁর কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় তাঁকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।

