ফরিদপুর প্রতিনিধি
ফরিদপুরের নগরকান্দায় আলোচিত শিশু মাহফুজা হত্যাকাণ্ডের ১৮ দিন পরও মামলার এজাহারভুক্ত প্রধান আসামি গ্রেপ্তার না হওয়ায় ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করেছেন নিহতের স্বজনরা। এদিকে হত্যাকাণ্ডের পর অভিযুক্ত পরিবারের বাড়িতে দফায় দফায় হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে।
গত ১ আগস্ট নগরকান্দা উপজেলার তারাকান্দি গ্রামে সাত বছর বয়সী শিশু মাহফুজার মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে নগরকান্দা থানায় হত্যা মামলা দায়ের করেন। তবে মামলার ১৮ দিন পেরিয়ে গেলেও এজাহারভুক্ত প্রধান আসামি গ্রেপ্তার না হওয়ায় দ্রুত তাকে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন নিহতের পরিবারের সদস্যরা।
অন্যদিকে অভিযুক্ত পরিবারের দাবি, হত্যাকাণ্ডের ঘটনার পর থেকে তাদের বাড়িতে কয়েক দফা হামলা ও ভাঙচুর করা হয়েছে। এ সময় স্বর্ণালংকার, গবাদিপশু, নগদ টাকা ও বিভিন্ন মালামাল লুট করা হয়েছে বলেও অভিযোগ করেন তারা। এ ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন অভিযুক্ত পরিবারের সদস্যরা।
নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসূল সামদানী আজাদ বলেন, ‘একটি অপরাধের পর আরেকটি অপরাধ কোনোভাবেই কাম্য নয়। প্রত্যেকটি অপরাধকে আমরা সমান চোখে দেখছি। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
শিশু মাহফুজা হত্যার রহস্য উদঘাটন, প্রধান আসামিকে দ্রুত গ্রেপ্তার এবং অভিযুক্ত পরিবারের বাড়িতে হামলা-লুটপাটের অভিযোগ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা।

