সুব্রত সরকার,মহম্মদপুর (মাগুরা) প্রতিনিধি
মাগুরার মহম্মদপুর উপজেলায় চলতি বছরের দাখিল পরীক্ষায় শতভাগ শিক্ষার্থী অকৃতকার্য হওয়ায় বালিদিয়া আদর্শ মহিলা দাখিল মাদ্রাসার সুপার আবুল কালাম আজাদকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড।
উপজেলার এবারের দাখিল পরীক্ষার ফলাফলে শতভাগ শিক্ষার্থী অকৃতকার্য হওয়া একমাত্র প্রতিষ্ঠান এটি বলে জানা গেছে।
মাদ্রাসা সূত্রে জানা যায়, চলতি বছর বালিদিয়া আদর্শ মহিলা দাখিল মাদ্রাসা থেকে দাখিল পরীক্ষায় অংশগ্রহণের জন্য ১৪ জন শিক্ষার্থী টেস্ট পরীক্ষায় অংশ নেয়। তাদের মধ্যে ৮ জন টেস্ট পরীক্ষায় উত্তীর্ণ হয়। পরে ওই ৮ শিক্ষার্থীকে দাখিল পরীক্ষায় অংশগ্রহণের অনুমতি দেওয়া হয়। তবে প্রকাশিত দাখিল পরীক্ষার ফলাফলে ৮ জনই অকৃতকার্য হওয়ায় প্রতিষ্ঠানটির পাসের হার দাঁড়িয়েছে শূন্য শতাংশে।
এ ঘটনায় বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড থেকে মাদ্রাসাটির সুপার আবুল কালাম আজাদকে শোকজ করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে বালিদিয়া আদর্শ মহিলা দাখিল মাদ্রাসার সুপার আবুল কালাম আজাদ বলেন, ‘দাখিল পরীক্ষায় প্রতিষ্ঠানের শতভাগ শিক্ষার্থী অকৃতকার্য হওয়ায় বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড থেকে আমাকে শোকজ করা হয়েছে।’
শিক্ষাবিদ ও স্থানীয়রা বলছেন, কোনো একটি প্রতিষ্ঠানের সব পরীক্ষার্থী অকৃতকার্য হওয়ার বিষয়টি ওই প্রতিষ্ঠানের শিক্ষার মান, পাঠদান পদ্ধতি ও শিক্ষার্থীদের পরীক্ষার প্রস্তুতি নিয়ে প্রশ্ন তৈরি করে। বিষয়টি পর্যালোচনা করে শিক্ষার্থীদের ফলাফল উন্নয়নে কার্যকর পদক্ষেপ নেওয়া প্রয়োজন।

