আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি
সাতক্ষীরার আশাশুনি উপজেলার বুধহাটা বাহাদুরপুর ভূবন মোহন (বিবিএম) কলেজিয়েট স্কুলে মাদক, অনলাইন গেম ও ইভটিজিং প্রতিরোধে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৮ আগস্ট) বেলা সাড়ে ১১টায় বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে এ সভা অনুষ্ঠিত হয়। কলেজিয়েট স্কুলের অধ্যক্ষ মোহিত কুমার দাসের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম আহমদ খান।
প্রধান অতিথির বক্তব্যে ওসি শামীম আহমদ খান শিক্ষার্থীদের মাদক থেকে দূরে থাকা, অনলাইন গেমে আসক্ত না হওয়া এবং ইভটিজিংসহ বিভিন্ন সামাজিক অপরাধ প্রতিরোধে সচেতন হওয়ার আহ্বান জানান।
তিনি বলেন, ‘সচেতন ও দায়িত্বশীল শিক্ষার্থীরাই পারে একটি নিরাপদ, সুন্দর ও মাদকমুক্ত সমাজ গড়ে তুলতে। তাই শিক্ষার্থীদের নিজেদের পাশাপাশি পরিবার ও সমাজের অন্যদেরও এসব বিষয়ে সচেতন করতে হবে।’
সভায় আশাশুনি প্রেসক্লাবের সভাপতি এসকে হাসান, সহকারী প্রধান শিক্ষক এসএম সিরাজুল ইসলাম, শিক্ষক জাকির হোসেন, গাজী আব্দুল মজিদ, জিএম আজমল হায়দার, সুমঙ্গল দাস, রফিকুল ইসলাম, গাজী আব্দুল মাজেদসহ বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক উপস্থিত ছিলেন।
এ ছাড়া আশাশুনি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইয়াসিন আরাফাত (ডেনিস), কোষাধ্যক্ষ বাবুল হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানটি পরিচালনা করেন শিক্ষক খান সালামত হোসেন। সভায় শিক্ষার্থীদের মাদক, জুয়া, অনলাইন গেমের আসক্তি ও ইভটিজিংয়ের ক্ষতিকর দিক সম্পর্কে সচেতন করা হয়।

