কাউনিয়া (রংপুর) প্রতিনিধি
রংপুরের কাউনিয়ায় নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে সার বিক্রি ও কৃত্রিম সংকট তৈরির অভিযোগে তিন ব্যবসায়ীকে অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (১৯ আগস্ট) দুপুরে উপজেলার বিভিন্ন বাজারে অভিযান পরিচালনা করে এ অর্থদণ্ড দেওয়া হয়। অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পাপিয়া সুলতানা।
উপজেলা প্রশাসন ও কৃষি দপ্তর সূত্রে জানা গেছে, ডিলার ও অসাধু ব্যবসায়ীদের যোগসাজশে কৃষকের নামে সার উত্তোলন করে অবৈধভাবে মজুত ও বেশি দামে বিক্রি করা হচ্ছে—এমন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে কাউনিয়া বালাপাড়া বণিক সমিতির সার ডিলার হলদিবাড়ি-মুজিবনগর এলাকার নজরুল ইসলামকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এর আগে টেপামধুপুর বাজারে অভিযান চালিয়ে বালাইনাশক বিক্রেতা আতাউর রহমানকে ২ হাজার টাকা এবং বিসিআইসি সার ডিলার আব্দুস সামাদ মিয়াকে ৫ হাজার টাকা অর্থদণ্ড করা হয়।
অভিযানকালে উপজেলা কৃষি কর্মকর্তা মো. সালাহউদ্দিন, এসএপিপিও মো. খায়রুল ইসলাম, উপসহকারী কৃষি কর্মকর্তা মো. মনিরুজ্জামানসহ পুলিশের একটি দল উপস্থিত ছিল।
উপজেলা নির্বাহী কর্মকর্তা পাপিয়া সুলতানা বলেন, অসাধু উপায়ে রাসায়নিক সার সরবরাহ ও বিক্রির অপরাধে তিন ব্যবসায়ীকে অর্থদণ্ড করা হয়েছে এবং তাদের সতর্ক করা হয়েছে। অবৈধভাবে কৃত্রিম সংকট সৃষ্টি ও বাজার মনিটরিংয়ের লক্ষ্যে উপজেলার বিভিন্ন স্থানে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হচ্ছে।
তিনি আরও বলেন, কৃষিপণ্যসহ মানুষের দৈনন্দিন প্রয়োজনীয় জিনিসপত্রের কৃত্রিম সংকট সৃষ্টিকারীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

