কচুয়া (বাগেরহাট) প্রতিনিধি
বাগেরহাটের কচুয়ায় ২০২৬ সালের এসএসসি, এসএসসি (ভোকেশনাল), দাখিল ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে।
বুধবার (১৯ আগস্ট) সকাল ১০টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উপজেলা একাডেমিক সুপারভাইজার মোহাম্মদ মেহেদী মান্নানের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আলী হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি ও জেবি গ্রুপের চেয়ারম্যান সরদার জাহিদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার (অতিরিক্ত দায়িত্ব) এস এম মোর্শেদ এবং উপজেলা জামায়াতে ইসলামীর আমির শিক্ষক মো. রফিকুল ইসলাম।
জানা গেছে, ২০২৬ সালের এসএসসি, এসএসসি (ভোকেশনাল), দাখিল ও সমমান পরীক্ষায় কচুয়া উপজেলায় মোট ৯৯৪ জন শিক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে ৫৩ জন শিক্ষার্থী জিপিএ-৫ অর্জন করে।
অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আলী হাসানসহ অতিথিরা জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান এবং তাদের সংবর্ধিত করেন। পরে পরিবেশের ভারসাম্য রক্ষা ও গাছের গুরুত্ব সম্পর্কে সচেতনতা বাড়াতে সংবর্ধিত শিক্ষার্থীদের মাঝে সৌজন্য উপহার হিসেবে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়।
এ সময় অতিথিরা গাছ রোপণের প্রয়োজনীয়তা ও পরিবেশ রক্ষায় বৃক্ষের ভূমিকা তুলে ধরে বক্তব্য দেন।
সংবর্ধনা অনুষ্ঠানে শিক্ষার্থীদের উৎসাহিত করতে তাদের জীবনের লক্ষ্য ও উদ্দেশ্য (Aim in Life) সম্পর্কে জানতে চাওয়া হয়। শিক্ষার্থীরাও তাদের ভবিষ্যৎ জীবনের বিভিন্ন লক্ষ্য ও স্বপ্নের কথা তুলে ধরে।
অনুষ্ঠানে স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, শিক্ষক, অভিভাবক ও সংবর্ধিত শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। কৃতী শিক্ষার্থীদের এমন উৎসাহব্যঞ্জক সংবর্ধনা এবং পরিবেশবান্ধব উপহার তাদের ভবিষ্যৎ শিক্ষাজীবনে আরও ভালো ফলাফল অর্জনের পাশাপাশি সচেতন নাগরিক হিসেবে গড়ে উঠতে অনুপ্রেরণা জোগাবে বলে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেন।

