ঝিনাইদহ প্রতিনিধি
ঝিনাইদহের শৈলকুপায় বিয়েতে রাজি না হওয়ায় মনিরা খাতুন (১৫) নামে নবম শ্রেণির এক কিশোরী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। বুধবার দিবাগত রাতে উপজেলার ধাওড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত মনিরা খাতুন ধাওড়া গ্রামের মনিরুল ইসলাম মন্ডলের মেয়ে এবং ধাওড়া মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী।
এলাকাবাসী সূত্রে জানা যায়, বুধবার বিকেলে পরিবারের সদস্যরা মনিরার মতামতের বিরুদ্ধে তাকে বিয়ে দেওয়ার উদ্দেশ্যে পাত্রপক্ষের বাড়িতে নিয়ে যান। পাত্রপক্ষ মনিরাকে দেখে চলে যাওয়ার পর রাতে বাড়িতে ফিরে আসে সে। পরে পরিবারের লোকজনের অগোচরে ঘরের আড়ার সঙ্গে গলায় রশি দিয়ে আত্মহত্যা করে।
স্থানীয় লাকি খাতুন বলেন, পাত্রপক্ষ মনিরাকে দেখে পছন্দ করে চলে যাওয়ার পরই রাতে সে গলায় রশি দিয়ে আত্মহত্যা করে।
স্থানীয় ইউপি সদস্য রশিদ মেম্বার জানান, বিয়েতে রাজি না হওয়ায় মনিরা আত্মহত্যা করেছে বলে তিনি শুনেছেন।
শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির মোল্লা জানান, ধাওড়া গ্রামের মনিরা খাতুন নামের এক কিশোরী বিয়েতে রাজি না হওয়ায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

