বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
জামালপুরের দেওয়ানগঞ্জ সীমান্ত দিয়ে ভারতে পাচারের সময় ১৩ বস্তা সার জব্দ করেছে ৩৫ বিজিবির সদস্যরা। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
সোমবার (৩১ আগস্ট) ভোরে দেওয়ানগঞ্জ উপজেলার পাথরের চর সীমান্তে চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে এসব সার জব্দ করা হয়।
বিজিবি সূত্রে জানা গেছে, নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পাথরের চর সীমান্ত দিয়ে ভারতে সার পাচারের খবর পায় জামালপুর ৩৫ বিজিবি। পরে পাথরের চর বিওপির বিজিবি সদস্যরা সেখানে অভিযান চালান। এ সময় পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া ৮ বস্তা ইউরিয়া সার, ৩ বস্তা টিএসপি সার ও ২ বস্তা ডিএপি সারসহ মোট ১৩ বস্তা সার জব্দ করা হয়।
অভিযানের সময় পাচারকারীরা বিজিবির উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
বিজিবি জানিয়েছে, জব্দ করা সারের বিষয়ে প্রচলিত আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।
জামালপুর ৩৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসানুর রহমান বলেন, সীমান্তে নিয়মিত টহলের পাশাপাশি চোরাচালান ও মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে। সীমান্ত দিয়ে যেকোনো ধরনের অবৈধ পণ্য পাচার রোধে বিজিবি সতর্ক অবস্থানে রয়েছে।

