চারঘাট (রাজশাহী) প্রতিনিধি
রাজশাহীর চারঘাটে ‘নজরুল বর্ষ ২০২৬’ উদযাপন উপলক্ষে শিক্ষাপ্রতিষ্ঠানভিত্তিক নজরুল বিষয়ক সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে।
সোমবার (৩১ আগস্ট) সকাল ১০টায় চারঘাট উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে এ অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জান্নাতুল ফেরদৌস।
আয়োজকরা জানান, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সৃষ্টিকর্ম ও জীবনাদর্শ নতুন প্রজন্মের কাছে আরও ব্যাপকভাবে তুলে ধরতে সরকার ২৫ মে ২০২৬ থেকে ২৫ মে ২০২৭ পর্যন্ত সময়কে ‘নজরুল বর্ষ’ হিসেবে পালনের সিদ্ধান্ত নিয়েছে। এরই ধারাবাহিকতায় চারঘাট উপজেলা প্রশাসনও বছরব্যাপী বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা সুপারভাইজার রাহেদুল ইসলাম। এতে উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা কর্মকর্তা ফাতেমা খাতুন, চারঘাট সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) তুহিন হোসেন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা জামাল উদ্দিন, চারঘাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান, বাংলাদেশ শিক্ষক সমিতি (বাশিস) চারঘাট উপজেলা শাখার সভাপতি জাহাঙ্গীর আলম, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি শাহাদত হোসেন, উপজেলা জামায়াতের আমির মাস্টার আবুল কালাম আজাদসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও সাংবাদিকরা।
অনুষ্ঠানে বক্তারা জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য, সংগীত ও জীবনাদর্শের বিভিন্ন দিক তুলে ধরেন। একই সঙ্গে নতুন প্রজন্মের মধ্যে নজরুলের অসাম্প্রদায়িক, মানবিক ও প্রতিবাদী চেতনা ছড়িয়ে দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানের শেষ পর্বে দলীয়ভাবে জাতীয় কবির উদ্দীপনামূলক সংগীত ‘চল চল চল’ পরিবেশন করা হয়। সমবেত কণ্ঠে গানটি পরিবেশনের সময় পুরো হলরুমে তৈরি হয় উৎসবমুখর আবহ। নজরুলের দুর্বার অগ্রযাত্রা ও জাগরণের আহ্বান যেন উপস্থিত সবার কণ্ঠে নতুন করে প্রাণ পায়।

