চন্দনাইশ (চট্টগ্রাম) প্রতিনিধি
চট্টগ্রামের চন্দনাইশে মিথ্যা ও ভিত্তিহীন তথ্য উপস্থাপন করে সম্মানহানির অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন নুরুল হাকিম। বুধবার বিকেলে উপজেলার স্থানীয় একটি রেস্টুরেন্টে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন তিনি।
লিখিত বক্তব্যে নুরুল হাকিম বলেন, গত ১ সেপ্টেম্বর মোহাম্মদ সলিম উল্লাহ আয়োজিত সংবাদ সম্মেলনে তাকে উদ্দেশ্য করে উদ্দেশ্যপ্রণোদিত, মিথ্যা ও মানহানিকর বক্তব্য দেওয়া হয়েছে। এর প্রতিবাদ জানাতেই তিনি এ সংবাদ সম্মেলনের আয়োজন করেছেন।
তিনি বলেন, চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার পশ্চিম এলাহাবাদ মৌজার যে ভূমি নিয়ে অভিযোগ করা হয়েছে, সেই ভূমির মালিক ছিলেন সলিম উল্লাহর বাবা মরহুম ইউনুছ। তিনি জীবিত থাকাকালে সাব-রেজিস্ট্রি দলিলের মাধ্যমে ওই ভূমি তাদের কাছে বিক্রি করে দখল হস্তান্তর করেন। বর্তমানে তারা ওই জমি ভোগদখলে রয়েছেন বলেও দাবি করেন নুরুল হাকিম।
নুরুল হাকিম আরও বলেন, ওই ভূমি সংক্রান্ত বিষয়ে চন্দনাইশ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভূমি অফিসের কর্মকর্তাদের বিরুদ্ধে নামজারিতে অনিয়ম ও ঘুষ গ্রহণের যে অভিযোগ করা হয়েছে, তা সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। উল্লেখিত ভূমির নামজারি আইনগত প্রক্রিয়া ও বিধি মেনেই সম্পন্ন হয়েছে এবং বৈধভাবে নামজারি খতিয়ান মঞ্জুর করা হয়েছে বলে দাবি করেন তিনি।
তিনি অভিযোগ করেন, সলিম উল্লাহ তার স্বার্থ হাসিলের উদ্দেশ্যে অসাধু উপায়ে মিথ্যা তথ্য ছড়িয়ে বিভ্রান্তি সৃষ্টির চেষ্টা করছেন। একটি স্বার্থান্বেষী মহলের ইন্ধনে উদ্দেশ্যপ্রণোদিত বক্তব্য ও সংবাদ প্রকাশের মাধ্যমে সরকারি কর্মকর্তা এবং সাধারণ মানুষের সম্মান ক্ষুণ্ন করার অপচেষ্টা চলছে বলেও দাবি করেন তিনি।
এ ধরনের অপপ্রচারের নিন্দা জানিয়ে নুরুল হাকিম বলেন, বিষয়টি নিরপেক্ষভাবে তদন্ত করে মিথ্যা তথ্য প্রচারের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া প্রয়োজন।
সংবাদ সম্মেলনে নুরুল হাকিমের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

