Nabadhara
ঢাকাসোমবার , ৭ সেপ্টেম্বর ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

কুয়াকাটায় ২০ ব্যবসাপ্রতিষ্ঠানে তালা, বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে দখলের অভিযোগ

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি
সেপ্টেম্বর ৭, ২০২৬ ৪:২৯ অপরাহ্ণ
Link Copied!

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি

পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্রসৈকতের জিরো পয়েন্ট এলাকায় প্রায় ২০টি ব্যবসাপ্রতিষ্ঠান দখল করে তালা ঝুলিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে পৌর বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে। এ সময় দোকানের মালামাল বাইরে ফেলে দেওয়া এবং প্রতিবাদ করায় কয়েকজন ব্যবসায়ীকে মারধরের অভিযোগও করেছেন ভুক্তভোগীরা।

রোববার (৬ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে বলে ব্যবসায়ীরা জানান। এসব দোকানে শুঁটকি, আচারসহ পর্যটকদের প্রয়োজনীয় বিভিন্ন পণ্য বিক্রি করা হতো।

ভুক্তভোগী ব্যবসায়ীদের অভিযোগ, কুয়াকাটা পৌর বিএনপির সভাপতি আজিজ মুসুল্লি ও তাঁর ছেলে রিয়াজ মুসুল্লির নেতৃত্বে প্রায় ১৫০ থেকে ২০০ লোক দোকানগুলোতে গিয়ে মালামাল বাইরে বের করে দেন এবং পরে দোকানগুলোতে তালা ঝুলিয়ে দেন। এ সময় প্রতিবাদ করায় কয়েকজন ব্যবসায়ীকে মারধর করা হয়েছে বলেও তাঁরা অভিযোগ করেন।

ব্যবসায়ীরা জানান, স্থানীয় বেল্লাল মোল্লার কাছ থেকে স্টল ভাড়া নিয়ে তাঁরা ২০১৮ সাল থেকে ওই এলাকায় ব্যবসা করে আসছেন। ২০২৪ সালের ৫ আগস্টের পরও দোকানগুলো দখলের চেষ্টা করা হয়েছিল বলে তাঁদের দাবি। পরে উপজেলা বিএনপি ও প্রশাসনের পক্ষ থেকে কাগজপত্র পর্যালোচনা করে উভয় পক্ষকে পরিস্থিতি স্থিতিশীল রাখার পরামর্শ দেওয়া হয়।

শুঁটকি ব্যবসায়ী রুবেল মৃধা ও আচার ব্যবসায়ী মনির হোসেন অভিযোগ করেন, দোকান থেকে মালামাল বের করে নেওয়ার সময় তাঁরা প্রতিবাদ করলে তাঁদের মারধর করা হয়। পরে রুবেল মৃধা জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন করলে পুলিশ ঘটনাস্থলে আসে।

মহিপুর থানার উপপরিদর্শক (এসআই) মো. জাকির হোসেন বলেন, ‘৯৯৯ নম্বরে ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। ব্যবসায়ীদের লিখিত অভিযোগ দিতে বলা হয়েছিল। তবে লিখিত অভিযোগ না পাওয়ায় আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব হয়নি।’

জমির মালিকানা দাবি করা বেল্লাল মোল্লা বলেন, ‘জমি নিয়ে আদালতে মামলা চলমান রয়েছে। এর আগেও দোকানগুলো দখলের চেষ্টা করা হয়েছিল। এবারও দোকানের মালামাল সরিয়ে তালা দেওয়া হয়েছে।’

এ বিষয়ে কলাপাড়া উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন সিকদার বলেন, জমিটি লুজ খতিয়ানের হওয়ায় বিরোধের সমাধান হচ্ছে না। উভয় পক্ষকে স্থিতিশীল থাকার পরামর্শ দেওয়া হয়েছিল। পুনরায় দখলের ঘটনা দুঃখজনক।

ঘটনাটি নিয়ে স্থানীয় ব্যবসায়ী ও পর্যটনসংশ্লিষ্টদের মধ্যে উদ্বেগ সৃষ্টি হয়েছে। তাঁরা বিরোধপূর্ণ জমি ও ব্যবসাপ্রতিষ্ঠান নিয়ে চলমান বিরোধ দ্রুত আইনগতভাবে নিষ্পত্তির দাবি জানিয়েছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।