কয়রা (খুলনা) প্রতিনিধি
খুলনার কয়রা উপজেলার ভাগবা গ্রামের হতদরিদ্র আবু হাসান মোড়লের স্ত্রী শাবানা বেগম (বয়স উল্লেখ নেই) মরণব্যাধি ক্যানসারে আক্রান্ত হয়ে মানবেতর জীবনযাপন করছেন। অর্থের অভাবে প্রয়োজনীয় চিকিৎসা করাতে না পেরে বর্তমানে তিনি মৃত্যুর সঙ্গে লড়াই করছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, ২০২৪ সালে শাবানা বেগমের প্রথমে একটি স্তনে ক্যানসার শনাক্ত হয়। অর্থাভাবে নিয়মিত ও প্রয়োজনীয় চিকিৎসা করাতে না পারায় ধীরে ধীরে তার শারীরিক অবস্থার অবনতি ঘটে। বর্তমানে তার দুটি স্তনই ক্যানসারে আক্রান্ত বলে পরিবার জানিয়েছে।
শাবানা বেগম ও তার স্বামী আবু হাসান মোড়ল অত্যন্ত দরিদ্র। তাদের নিজস্ব কোনো ভিটেমাটি বা জমিজমা নেই। স্বামী চা বিক্রি করে যে সামান্য আয় করেন, তা দিয়ে কোনো রকমে সংসার চলে। প্রতিদিনের খাবার জোগাড় করাই যেখানে কঠিন, সেখানে ব্যয়বহুল ক্যানসারের চিকিৎসার খরচ বহন করা তাদের কাছে অসম্ভব হয়ে পড়েছে।
চিকিৎসার অভাবে দিন দিন শাবানা বেগমের শারীরিক অবস্থার অবনতি হচ্ছে। স্থানীয়রা বিভিন্ন সময়ে সামর্থ্য অনুযায়ী সহযোগিতা করলেও দীর্ঘমেয়াদি চিকিৎসার ব্যয় বহন করার মতো আর্থিক সক্ষমতা পরিবারের নেই। ফলে অসহায় এই নারী এখন সমাজের বিত্তবান ও হৃদয়বান মানুষের মানবিক সহায়তার অপেক্ষায় রয়েছেন।
স্থানীয় ইউপি সদস্য মো. শফিকুল ইসলাম বলেন, “শাবানা বেগম খুবই গরিব মানুষ। তার ক্যানসার ধরা পড়ার পর গ্রামের লোকজন সাধ্যমতো সহযোগিতা করেছেন। বর্তমানে তিনি অত্যন্ত অসহায় অবস্থায় রয়েছেন। সমাজের বিত্তবান ও সামর্থ্যবান মানুষদের তার চিকিৎসার জন্য এগিয়ে আসার অনুরোধ করছি।”
শাবানা বেগমের চিকিৎসার জন্য তার পরিবারের পক্ষ থেকে দেশ-বিদেশের বিত্তবান, হৃদয়বান ও প্রবাসীদের কাছে আর্থিক সহায়তার আবেদন জানানো হয়েছে। সামান্য সহযোগিতাও তার চিকিৎসায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে জানিয়েছেন পরিবারের সদস্যরা।
সহায়তা পাঠানোর ঠিকানা:
বিকাশ (পারসোনাল): 01929731524

