চিতলমারী (বাগেরহাট) প্রতিনিধি
বাগেরহাটের চিতলমারীতে হাবিবা ক্লিনিক অ্যান্ড বারিশ ডায়াগনস্টিক সেন্টারের বিরুদ্ধে ভুল চিকিৎসায় গৃহবধূ লাভলী ঘরামীর (২৯) জীবন সংকটাপন্ন হওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় জড়িতদের শাস্তি, ঘটনার সুষ্ঠু তদন্ত এবং ক্ষতিগ্রস্ত পরিবারের উপযুক্ত ক্ষতিপূরণের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন স্থানীয় বাসিন্দারা।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে ‘স্থানীয় চিতলমারীবাসী’র ব্যানারে উপজেলা পরিষদের সামনে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তব্য দেন মো. সালমান শেখ, ওবায়দুল্লাহ, সুমন করাতী, ভুক্তভোগীর স্বজন সোনালী বৈদ্য, প্রহরকান্তি সরকার, লক্ষ্মী রানাসহ অনেকে।
এ সময় বক্তারা অভিযোগ করে বলেন, উপজেলার চরবানিয়ারী ইউনিয়নের রানাপাড়া গ্রামের শমরেশ ঘরামীর স্ত্রী লাভলী ঘরামীর সিজারিয়ান অপারেশনের সময় ক্লিনিকে জেনারেটর না থাকায় মোবাইল ফোনের আলো জ্বালিয়ে প্রায় তিন ঘণ্টা ধরে অস্ত্রোপচার করা হয়। তাদের অভিযোগ, এ ঘটনার পর নবজাতকটি মারা যায় এবং লাভলী ঘরামীর জরায়ু ও মূত্রথলি ক্ষতিগ্রস্ত হয়েছে। বর্তমানে তিনি আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।
বক্তারা আরও বলেন, চিকিৎসার মতো গুরুত্বপূর্ণ বিষয়ে এমন অবহেলা বা অনিয়ম কোনোভাবেই মেনে নেওয়া যায় না। তারা দ্রুত ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার পাশাপাশি ভুক্তভোগী পরিবারকে উপযুক্ত আর্থিক ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানান।
মানববন্ধনে স্থানীয় বাসিন্দারা অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ কামনা করেন এবং ভবিষ্যতে যাতে কোনো রোগী চিকিৎসাসেবায় অবহেলার শিকার না হন, সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

