রামপাল (বাগেরহাট) প্রতিনিধি
বাগেরহাটের রামপালে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলামের পক্ষ থেকে হতদরিদ্র চিরানন্দ মণ্ডলকে একটি বকনা গরু দেওয়া হয়েছে।
বুধবার (১৬ সেপ্টেম্বর) বিকেল ৫টায় উপজেলার উত্তর বাঁশতলী শ্রীশ্রী সন্ন্যাসী ঠাকুর মন্দির চত্বরে এ গরু প্রদান করা হয়। প্রতিমন্ত্রীর প্রতিনিধি মো. আলমগীর হোসেন গরুটি চিরানন্দ মণ্ডলের হাতে তুলে দেন।
এ সময় শশোধর মণ্ডলের সভাপতিত্বে ও আল মামুনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন বাঁশতলী ইউনিয়ন বিএনপির সভাপতি ও ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী এস এম আব্দুল্লাহ। অন্যদের মধ্যে বক্তব্য দেন সাবেক শিক্ষক বিভূতিভূষণ মণ্ডল, মনি মোহন হালদার, কামরুল ইসলাম, আরিফুল ইসলাম ও তুহিন শেখ।
গরু পেয়ে চিরানন্দ মণ্ডল বলেন, কয়েক মাস আগে তাঁর একটি গরু হারিয়ে যায়। এতে তিনি আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়ে ভেঙে পড়েন। বিষয়টি প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলামের নজরে আনা হলে তিনি বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখার আশ্বাস দেন।
পরে প্রতিমন্ত্রীর ব্যবস্থাপনায় তাঁর পক্ষে মো. আলমগীর হোসেন ও এস এম আব্দুল্লাহ চিরানন্দ মণ্ডলের হাতে বকনা গরুটি তুলে দেন। গরু পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন চিরানন্দ মণ্ডল।

