শামীম শেখ, গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া বাস টার্মিনালে দাঁড়িয়ে থাকা একটি বাসে অগ্নিসংযোগের ঘটনায় সন্দেহভাজন হিসেবে মো. মুক্তার হোসেন মোল্লা (৩২) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি গোয়ালন্দ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সম্পাদক বলে জানিয়েছে পুলিশ।
গ্রেপ্তার মুক্তার হোসেন উপজেলার উজানচর ইউনিয়নের ফৈজুদ্দিন মাতুব্বরপাড়ার আরজান মোল্লার ছেলে।
সোমবার (২১ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৩টার দিকে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত রোববার (২০ সেপ্টেম্বর) রাত সোয়া ১টার দিকে দৌলতদিয়া বাস টার্মিনালে দাঁড়িয়ে থাকা ‘নিউ ক্লাসিক্যাল’ নামের একটি লোকাল বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এতে বাসটির বিভিন্ন অংশ পুড়ে যায়। তবে এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
ঘটনার পর বাসটির মালিক এসএম সুলতান আহমদ বাদী হয়ে রোববার বিকেলে অজ্ঞাতনামা ৪০ থেকে ৫০ জনকে আসামি করে গোয়ালন্দ ঘাট থানায় মামলা করেন। মামলার এজাহারে নিষিদ্ধ ঘোষিত একটি রাজনৈতিক দলের কর্মসূচিকে কেন্দ্র করে আতঙ্ক সৃষ্টির উদ্দেশ্যে বাসটিতে অগ্নিসংযোগ করা হয়ে থাকতে পারে বলে অভিযোগ করা হয়েছে।
গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সফিকুল ইসলাম জানান, বাস পোড়ানোর ঘটনায় সন্দেহভাজন হিসেবে মুক্তার হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার দুপুরে তাকে রাজবাড়ীর আদালতে পাঠানো হয়েছে। তিনি গোয়ালন্দ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সম্পাদক বলে পুলিশ জানতে পেরেছে। এ ঘটনায় তদন্ত চলছে।

