পঞ্চগড় প্রতিনিধি
‘যে মুখে ডাকি মা, সে মুখে মাদক না’—এই স্লোগানকে সামনে রেখে পঞ্চগড়ে জালাসী যুবসমাজের উদ্যোগে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে।
যুবসমাজকে মাদকসহ বিভিন্ন সামাজিক অবক্ষয় থেকে দূরে রেখে খেলাধুলা ও সৃজনশীল কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত করার লক্ষ্যে এ টুর্নামেন্টের আয়োজন করা হয়। আয়োজকরা বলেন, খেলাধুলার মাধ্যমে তরুণদের মধ্যে শৃঙ্খলা, নেতৃত্ব, পারস্পরিক সম্প্রীতি ও ইতিবাচক মানসিকতা গড়ে তোলা সম্ভব।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পঞ্চগড় পৌর বিএনপির ১ নম্বর সদস্য (সদস্য সচিব পদমর্যাদায়) সামসুজ্জামান বিপ্লব।
বিশেষ অতিথি ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য মোহাম্মদ জাকিরুল ইসলাম সবুজ, পঞ্চগড় পৌর যুবদলের সিনিয়র সহসভাপতি উজ্জল হক, পৌর ছাত্রদলের সদস্যসচিব মো. শামীম হোসেন, পঞ্চগড় জেলা ছাত্রদলের সাবেক দপ্তর সম্পাদক মো. শাহিনুর রহমান সাজ্জাদ, পৌর যুবদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মামুনুর রশিদ মামুন, ৪ নম্বর ওয়ার্ড যুবদলের মো. রমজান আলী, ৪ নম্বর ওয়ার্ড ছাত্রদল পৌর শাখার আহ্বায়ক আবু বক্কর সিদ্দিক সোহেল এবং ৪ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সদস্যসচিব মেহেদী হাসান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ৪ নম্বর ওয়ার্ড যুবদলের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শাহাজাহান হোসেন সাজু।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, মাদকের ভয়াবহতা থেকে যুবসমাজকে রক্ষা করতে পরিবার, সমাজ ও বিভিন্ন সামাজিক সংগঠনকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। খেলাধুলা তরুণদের সুস্থ বিনোদনের পাশাপাশি তাদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
তারা মাদকবিরোধী সামাজিক আন্দোলন জোরদার করার পাশাপাশি তরুণ প্রজন্মকে নিয়মিত খেলাধুলা ও সৃজনশীল কর্মকাণ্ডে সম্পৃক্ত করার আহ্বান জানান।
আয়োজকদের পক্ষ থেকে বলা হয়, ‘মাদককে না বলুন—খেলাধুলাকে হ্যাঁ বলুন’—এই বার্তাকে সামনে রেখে তরুণ সমাজকে সুস্থ, সুন্দর ও মানবিক ভবিষ্যতের পথে এগিয়ে নেওয়াই এ আয়োজনের মূল লক্ষ্য।

