স্টাফ রিপোর্টার, নড়াইল
নড়াইলের কালিয়ায় মাদকসেবনে বাধা দেওয়াকে কেন্দ্র করে মানসুর মোল্যা (৪৫) নামে এক কৃষককে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে হাসিব মোল্যা (২০) নামে এক যুবকের বিরুদ্ধে। এ ঘটনায় নূর ইসলাম নামে আরও একজন আহত হয়েছেন।
শনিবার (২৬ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে উপজেলার পেড়লী ইউনিয়নের কদমতলা গ্রামের মোহনার মোড় এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মানসুর মোল্যা কদমতলা গ্রামের হাবি মোল্যার ছেলে। অভিযুক্ত হাসিব একই গ্রামের লিপটন মোল্যার ছেলে। ঘটনার পর থেকে তিনি পলাতক রয়েছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মাদকসেবনে বাধা দেওয়াকে কেন্দ্র করে শুক্রবার পেড়লী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য কাসেদ মোল্যার সঙ্গে হাসিবের বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে হাসিব ইউপি সদস্য কাসেদ মোল্যাকে কিল-ঘুষি মারেন বলে অভিযোগ রয়েছে।
এর জের ধরে শনিবার রাতে হাসিব কদমতলার মোহনার মোড়ের একটি দোকানে গেলে কাসেদ মোল্যার চাচাতো ভাই মানসুর মোল্যা ও নূর ইসলাম তার কাছে আগের দিনের ঘটনার বিষয়ে জানতে চান। এ সময় হাসিব ধারালো অস্ত্র দিয়ে তাদের ওপর হামলা চালান বলে অভিযোগ করা হয়। এতে মানসুর ও নূর ইসলাম গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার চেষ্টা করেন। খুলনায় নেওয়ার পথে জামরিলডাঙ্গা ফুটবল মাঠের কাছে মানসুরের মৃত্যু হয়। আহত নূর ইসলামকে নড়াইল আধুনিক সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
ইউপি সদস্য কাসেদ মোল্যা বলেন, ‘হাসিব দীর্ঘদিন ধরে মাদকাসক্ত। তাকে মাদকসেবন করতে নিষেধ করায় সে আমার ওপর ক্ষিপ্ত হয়ে আমাকে লাঞ্ছিত করে। পরে চাপাতি দিয়ে মানসুর ও নূর ইসলামকে কুপিয়ে আহত করে।’
কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইদ্রিস আলী বলেন, খবর পেয়ে পুলিশ রাতেই ঘটনাস্থলে যায়। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নড়াইল আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িতদের আটকের চেষ্টা চলছে। প্রাথমিকভাবে পূর্ববিরোধের জের ধরে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে বলে জানা গেছে।

