মধুখালী (ফরিদপুর) প্রতিনিধি
ফরিদপুরের মধুখালীতে জলবায়ু ও পরিবেশ সুরক্ষায় নারীর অংশগ্রহণ ও নেতৃত্ব জোরদারের লক্ষ্যে মতবিনিময় সভা ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২৭ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টায় বাংলাদেশ মহিলা পরিষদ মধুখালী সাংগঠনিক জেলা শাখার আয়োজনে পৌরসভার জুবায়ের ফুটওয়্যার লিমিটেডের কারখানা প্রাঙ্গণে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। বাংলাদেশ মহিলা পরিষদের পরিবেশ ও জলবায়ু উপপরিষদের বাস্তবায়নে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন মধুখালী সাংগঠনিক জেলা শাখার সভাপতি সুরাইয়া সালাম।
পরিবেশ ও জলবায়ু সম্পাদক লছমিনা বন্যার সঞ্চালনায় সভায় সচেতনতামূলক বক্তব্য দেন সংগঠনের সহসভাপতি ফিরোজা আমীন, সাধারণ সম্পাদক শামছুন্নাহার, সাংগঠনিক সম্পাদক শুক্লা ভৌমিক, লিগ্যাল এইড সম্পাদক মোর্শেদা আক্তার মিনা, আন্দোলন সম্পাদক মিলি ইসলাম ও প্রশিক্ষণ সম্পাদক রেশমা আক্তারসহ অন্যরা।
সভায় বক্তারা বলেন, বন্যা, ঘূর্ণিঝড়, নদীভাঙন, লবণাক্ততা, অতিরিক্ত তাপমাত্রা ও অনিয়মিত বৃষ্টিপাতের কারণে নারীরা বিভিন্ন সময় ঝুঁকির মধ্যে পড়েন। অন্যদিকে পরিবার ও সমাজে পানি, খাদ্য, জ্বালানি, স্বাস্থ্য ও পরিচ্ছন্নতা ব্যবস্থাপনায় নারীরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। স্থানীয় পরিবেশ ও পরিবারের বাস্তব সমস্যা সম্পর্কে নারীদের গুরুত্বপূর্ণ অভিজ্ঞতা রয়েছে। তাই পরিবেশ ও জলবায়ু সুরক্ষায় নারীর অংশগ্রহণ ও নেতৃত্ব আরও জোরদার করা প্রয়োজন।
মতবিনিময় সভা শেষে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন বিশিষ্ট সমাজসেবক ও শিল্পপতি জুবায়ের ফুটওয়্যার লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. জিয়া খান, প্রকৌশলী মো. নজরুল ইসলাম, প্রভাষক আসাদুজ্জামানসহ মহিলা পরিষদের নেতৃবৃন্দ।
পরে জুবায়ের ফুটওয়্যার লিমিটেডের প্রাঙ্গণে একটি ফলজ বৃক্ষের চারা রোপণের মধ্য দিয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়।

