দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি
কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয় থানা পুলিশের বিরুদ্ধে একটি মামলার ৬৫ বছর বয়সী বাদীকে বাড়ি থেকে থানায় তুলে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। রোববার (২৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে সদর উপজেলার পাটিকাবাড়ি ইউনিয়নের নলকুলা গ্রামের নিজ বাড়ি থেকে নুর জাহান বেগমকে পুলিশ নিয়ে যায় বলে অভিযোগ পরিবারের।
পরিবার সূত্রে জানা গেছে, নিজ বাড়ি ও গুদামে আগুন দেওয়ার ঘটনায় ছয় দিন আগে আদালতে মামলা করেন নুর জাহান বেগম। মামলায় স্থানীয় আওয়ামী লীগ ও কৃষকদলের ২২ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ১৫ থেকে ৩০ জনকে আসামি করা হয়েছে।
নুর জাহান বেগমের পরিবারের অভিযোগ, মামলা দায়েরের পর থেকেই স্থানীয় বিএনপির কয়েকজন নেতা মামলা প্রত্যাহারের জন্য ওই নারীর ওপর চাপ সৃষ্টি করে আসছিলেন।
পরিবারের দাবি, রোববার সকালে ইসলামী বিশ্ববিদ্যালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাঁর সঙ্গে কথা বলবেন—এমন কথা জানিয়ে ইসলামী বিশ্ববিদ্যালয় থানা ও পাটিকাবাড়ি পুলিশ ক্যাম্পের একটি যৌথ দল নুর জাহান বেগমের বাড়িতে যায়। এ সময় তিনি রান্নার প্রস্তুতি নিচ্ছিলেন। পরে পুলিশ তাঁকে সঙ্গে করে নিয়ে যায়।
তবে তাঁকে কোথায় রাখা হয়েছে, সে বিষয়ে পরিবারের সদস্যরা নিশ্চিত কোনো তথ্য পাচ্ছেন না বলে অভিযোগ করেছেন।
এ বিষয়ে পুলিশের বক্তব্য পাওয়া যায়নি। অভিযোগের বিষয়ে পুলিশের বক্তব্য পাওয়া গেলে তা প্রতিবেদনে যুক্ত করা হবে।

