Nabadhara
ঢাকামঙ্গলবার , ১৩ অক্টোবর ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

মহম্মদপুরে ফুটপাত দখলমুক্ত করতে অভিযান, ৬ জনকে জরিমানা

মহম্মদপুর (মাগুরা) প্রতিনিধি
অক্টোবর ১৩, ২০২৬ ১১:৪৩ পূর্বাহ্ণ
Link Copied!

মহম্মদপুর (মাগুরা) প্রতিনিধি

মাগুরার মহম্মদপুর উপজেলা সদর বাজারে যানজট নিরসন ও পথচারীদের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে ফুটপাত ও রাস্তা দখলমুক্ত করার অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন ও যৌথ বাহিনী। এ সময় রাস্তা ও ফুটপাত দখল করে গড়ে তোলা অবৈধ স্থাপনা ভেঙে দেওয়া হয়েছে। পাশাপাশি ছয়জনকে মোট ৬ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (১২ অক্টোবর) বিকেল ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত টানা তিন ঘণ্টা এ অভিযান পরিচালনা করা হয়। এতে নেতৃত্ব দেন মহম্মদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বেদবতী মিস্ত্রী এবং সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাদমান আকিব।

অভিযানে থানা পুলিশ, আনসার-ভিডিপির সদস্য, স্থানীয় জনপ্রতিনিধি এবং মহম্মদপুর বাজার বণিক কল্যাণ সমিতির সভাপতি আখতারুজ্জামান বিল্লাহ ও সহসভাপতি তানজির রহমান সোহাগসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে সদর বাজারের বিভিন্ন সড়ক ও ফুটপাত দখল করে দোকানের বর্ধিত অংশ, ব্যবসায়িক মালামাল এবং বিভিন্ন অবৈধ স্থাপনা রাখা হচ্ছিল। এতে যানজটের পাশাপাশি পথচারীদের চলাচলে ভোগান্তি বাড়ছিল। এ পরিস্থিতি নিরসনে অভিযানের আগে মাইকিং করে ব্যবসায়ীদের সরকারি জায়গা ও রাস্তা থেকে অবৈধ স্থাপনা এবং মালামাল সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়। নির্ধারিত সময়ের মধ্যে সেগুলো সরিয়ে না নেওয়ায় অভিযান শুরু করে প্রশাসন।

অভিযান চলাকালে রাস্তা ও ফুটপাতের ওপর নির্মিত অবৈধ স্থাপনা, দোকানের বর্ধিত অংশ এবং চলাচলে বাধা সৃষ্টিকারী বিভিন্ন নির্মাণ ভেঙে দেওয়া হয়। যেসব ব্যবসায়ী নিজেরাই মালামাল সরিয়ে নিচ্ছিলেন, তাঁদের কিছুটা সময় দেওয়া হয়। অন্যদিকে, সরকারি নির্দেশনা অমান্য করে রাস্তা ও ফুটপাত দখল করে রাখার দায়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ছয়জনকে মোট ৬ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

অভিযান শেষে ইউএনও বেদবতী মিস্ত্রী বলেন, জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট, মাগুরার নির্দেশনায় বাজারের ফুটপাত ও রাস্তা দখলমুক্ত করতে এ অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে ছয়জনকে মোট ৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

তিনি আরও জানান, যেসব দোকান এখনো রাস্তা ও ফুটপাত দখল করে রেখেছে, সেগুলো আগামী ২৪ ঘণ্টার মধ্যে সরিয়ে নিতে হবে। অন্যথায় বুলডোজার দিয়ে অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে।

উপজেলা প্রশাসন জানিয়েছে, অবশিষ্ট অবৈধ স্থাপনা ও মালামাল সরিয়ে নিতে সংশ্লিষ্ট ব্যবসায়ীদের এক দিন সময় দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে নির্দেশনা পালন না করলে জরিমানা ও কারাদণ্ডসহ আইনানুগ ব্যবস্থা নেওয়া হতে পারে।

এদিকে, প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয় বাসিন্দা ও পথচারীরা। তাঁদের মতে, ফুটপাত ও রাস্তা দখলমুক্ত করা গেলে বাজারে যানজট কমবে এবং সাধারণ মানুষের চলাচল আরও সহজ হবে। তবে অভিযান নিয়মিত পরিচালনার পাশাপাশি উচ্ছেদ করা স্থানগুলো যাতে পুনরায় দখল না হয়, সে জন্য কার্যকর নজরদারি নিশ্চিত করার দাবি জানিয়েছেন তাঁরা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।