কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি
দুর্গাপূজার বিজয়া দশমীর আনন্দ ভাগাভাগি করে নিতে গোপালগঞ্জের কোটালীপাড়ায় অনুষ্ঠিত হয়েছে শত বছরের ঐতিহ্যবাহী নৌকাবাইচ। বুধবার (২১ অক্টোবর) দুপুর ২টা থেকে সন্ধ্যা পর্যন্ত ঘাঘর নদীতে এ বাইচ অনুষ্ঠিত হয়। নৌকাবাইচ দেখতে নদীর দুই পাড়ে কয়েক হাজার মানুষের সমাগম ঘটে।
এবারের বাইচে ১৪টি বাচারি নৌকা অংশ নেয়। কোটালীপাড়ার আশপাশের এলাকা ছাড়াও মাদারীপুর, বাগেরহাট ও বরিশাল জেলা থেকে দর্শনার্থীরা এ আয়োজন উপভোগ করতে আসেন। শত বছরের বেশি সময় ধরে কোনো ব্যক্তি বা সংগঠনের আনুষ্ঠানিক আয়োজন ছাড়াই বিজয়া দশমীর দিনে এ নৌকাবাইচ অনুষ্ঠিত হয়ে আসছে। নানা ধর্মের মানুষ প্রতিবছর এ দিনের অপেক্ষায় থাকেন। কর্মসূত্রে গ্রামের বাইরে থাকা অনেকেই পরিবার নিয়ে এ উৎসবে যোগ দেন।
কোটালীপাড়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল বশার হাওলাদার বলেন, কথিত আছে, প্রায় দেড়শ বছর আগে যশোরের বিঘাপতির জমিদার খাজনা আদায়ের সুবিধার্থে দুর্গাপূজার বিজয়া দশমীর দিন ঘাঘর নদীতে মেলা ও নৌকাবাইচের আয়োজন করেন। সেই ধারাবাহিকতায় প্রতিবছর এ আয়োজন হয়ে আসছে। এতে কোটালীপাড়ার সব ধর্মের মানুষ অংশ নেন।
গোপালগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এস এম জিলানী বলেন, নদী-খাল-বিলবেষ্টিত কোটালীপাড়ার বিভিন্ন স্থানে শত বছর ধরে বিশ্বকর্মা, দুর্গা ও লক্ষ্মীপূজায় নৌকাবাইচ অনুষ্ঠিত হয়ে আসছে। এ আয়োজনের জন্য কাউকে আলাদা করে উদ্যোগ নিতে হয় না, দেওয়া হয় না কোনো পুরস্কারও। কোটালীপাড়ার এ নৌকাবাইচ ব্যতিক্রমী ঐতিহ্য। ভবিষ্যতেও এ ঐতিহ্য টিকিয়ে রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

