কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি
পটুয়াখালীর কলাপাড়ায় নাস্তা আনতে দেরি হওয়াকে কেন্দ্র করে লামিয়া নামের এক নারী স্টাফকে মারধরের অভিযোগ উঠেছে চিকিৎসক ডা. তাসলিমা ফেরদৌসী রিমার বিরুদ্ধে। মারধরে আহত ওই স্টাফকে কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার (২০ অক্টোবর) সন্ধ্যায় ম্যাক্স হাসপাতালের চিকিৎসকের নিজস্ব চেম্বারে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, চেম্বারে রোগী দেখার সময় চিকিৎসক তাঁর জন্য মোগলাই পরোটাসহ নাস্তা আনতে স্টাফ লামিয়াকে বলেন। নাস্তা আনতে দেরি হওয়ায় ক্ষিপ্ত হয়ে চিকিৎসক তাঁকে জুতাপেটা করেন, লাথি মারেন এবং পেপারওয়েট ছুড়ে মারেন বলে অভিযোগ উঠেছে। একপর্যায়ে মারধরের শিকার হয়ে লামিয়া মেঝেতে পড়ে যান। পরে সহকর্মীরা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।
ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়লে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনার পর অভিযুক্ত চিকিৎসক গণমাধ্যমের সঙ্গে কথা না বলে অটোরিকশায় করে হাসপাতাল ত্যাগ করেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম জানান, এ ঘটনায় এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে, ঘটনার খবর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর এলাকায় সমালোচনা ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। তবে অভিযোগের বিষয়ে অভিযুক্ত চিকিৎসকের বক্তব্য পাওয়া যায়নি।

