নিজস্ব প্রতিবেদক, গাজীপুর
গাজীপুরের টঙ্গীতে রান্নার গ্যাসের পাইপের লিকেজ থেকে বিস্ফোরণে একই পরিবারের তিনজন দগ্ধ হয়েছেন। বুধবার (২১ অক্টোবর) ভোর ৬টার দিকে টঙ্গীর মুদাফা মাস্টারপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। দগ্ধ তিনজনের অবস্থাই আশঙ্কাজনক।
দগ্ধ ব্যক্তিরা হলেন—ফখরুল ইসলামের বাড়ির ভাড়াটিয়া লাল চান মিয়া (৬০), তাঁর স্ত্রী নাছিমা বেগম (৫০) ও মেয়ে তানিশা (১৬)। তাঁদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, ভোরে রান্নার জন্য গ্যাসের চুলা জ্বালাতে গেলে ঘরে জমে থাকা গ্যাস বিস্ফোরিত হয়। এতে মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে এবং পরিবারের তিন সদস্য দগ্ধ হন। পরে স্থানীয়রা তাঁদের উদ্ধার করে হাসপাতালে পাঠান।
টঙ্গী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মো. শাহীন আলম জানান, গ্যাস লিকেজ থেকে আগুন ও বিস্ফোরণের খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়। তবে তাঁদের পৌঁছানোর আগেই স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনেন।
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক সার্জন ডা. সুলতান মাহমুদ শিকদার জানান, দগ্ধ লাল চান মিয়ার শরীরের ৯৫ শতাংশ, নাছিমা বেগমের ৮৫ শতাংশ এবং তানিশার ৮৬ শতাংশ পুড়ে গেছে। তিনজনের অবস্থাই আশঙ্কাজনক।

