Nabadhara
ঢাকাশুক্রবার , ২৩ অক্টোবর ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

গাজীপুরে বাড়িতে আগুন, দম্পতিসহ দগ্ধ ৪

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর
অক্টোবর ২৩, ২০২৬ ৬:২৯ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর

গাজীপুর মহানগরীর পশ্চিম ভুরুলিয়া লালমাটি এলাকায় একটি আধাপাকা বসতবাড়িতে অগ্নিকাণ্ডে একই পরিবারের চারজন দগ্ধ হয়েছেন। তাঁদের মধ্যে রয়েছেন এক মুদি দোকান ব্যবসায়ী, তাঁর স্ত্রী ও দুই শিশুসন্তান। শুক্রবার (২৩ অক্টোবর) ভোরে এ ঘটনা ঘটে।

দগ্ধরা হলেন মুদি দোকান ব্যবসায়ী মহসিন প্রধান রুবেল (৩২), তাঁর স্ত্রী সাদিয়া বেগম (২৬) এবং তাঁদের দুই ছেলে সোয়াদ প্রধান (৩) ও সাহেন প্রধান (৬)। দগ্ধদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে তাঁদের শারীরিক অবস্থা সম্পর্কে বিস্তারিত জানা যায়নি।

পুলিশের প্রাথমিক তথ্য অনুযায়ী, শুক্রবার ভোর সাড়ে ৫টা থেকে সকাল ৬টা ২০ মিনিটের মধ্যে পশ্চিম ভুরুলিয়া লালমাটি এলাকার মিয়াজ উদ্দিন প্রধানের বাড়িতে আগুন লাগে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায় এবং স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।

জয়দেবপুর ফায়ার স্টেশন সূত্রে জানা যায়, সকাল ৬টা ৫৫ মিনিটে আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। সকাল ৭টা ৩১ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে এবং সকাল ৮টা ১৫ মিনিটে পুরোপুরি নির্বাপণ করা হয়।

ফায়ার সার্ভিসের প্রতিবেদনে বলা হয়েছে, মিয়াজ উদ্দিন প্রধানের মালিকানাধীন প্রায় ১ হাজার ১৫০ বর্গফুটের পাঁচ কক্ষবিশিষ্ট আধাপাকা বসতঘরটিতে আগুন লাগে। এতে আনুমানিক ৮ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। তবে প্রায় ২০ লাখ টাকার সম্পদ রক্ষা করা সম্ভব হয়েছে।

জয়দেবপুর ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মোহাম্মদ তাশারফ হোসেনের নেতৃত্বে দুটি ইউনিট আগুন নেভানোর কাজে অংশ নেয়। এ সময় পুলিশও সহযোগিতা করে।

ফায়ার সার্ভিসের প্রতিবেদনে হতাহতের কোনো তথ্য উল্লেখ না থাকলেও পুলিশের প্রাথমিক তথ্যে স্থানীয়দের বরাত দিয়ে চারজন দগ্ধ হওয়ার কথা জানানো হয়। পরবর্তী তথ্যে দগ্ধ চারজনের পরিচয় নিশ্চিত হওয়া গেছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।