নাদিম হায়দার, সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি
মুন্সীগঞ্জের সিরাজদিখানে আলোচিত বাবা-মেয়ে হত্যা মামলায় গ্রেপ্তার শিক্ষক মো. সোহরাব হোসেনের মুক্তির দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী ও তাঁর সাবেক শিক্ষার্থীরা। সোমবার (২ নভেম্বর) সকাল ১০টায় উপজেলার বালুচর বাজার চৌরাস্তায় আয়োজিত এ মানববন্ধনে শতাধিক স্থানীয় বাসিন্দা ও শিক্ষার্থী অংশ নেন।
মানববন্ধনে বক্তারা বলেন, তাঁরা বাবা গোলাপ হোসেন ও তাঁর ছয় বছরের মেয়ে তওবা হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার চান। তবে তাঁদের দাবি, শিক্ষক সোহরাব হোসেন অত্যন্ত বিনয়ী ও ভালো মানুষ। তিনি ও তাঁর পরিবার এ নৃশংস হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকতে পারেন না বলে তাঁদের বিশ্বাস।
বক্তারা আরও বলেন, নিহত গোলাপ হোসেন মৃত্যুর আগে দেওয়া ভিডিও বক্তব্যে উল্লেখ করেছিলেন, তিনি কাউকে চিনতে পারেননি। তাঁদের দাবি, ষড়যন্ত্রের মাধ্যমে সোহরাব হোসেনকে এ মামলায় জড়ানো হয়েছে।
মানববন্ধন থেকে শিক্ষক সোহরাব হোসেনের অবিলম্বে মুক্তি এবং হত্যাকাণ্ডের প্রকৃত অপরাধীদের শনাক্ত করে গ্রেপ্তারের দাবি জানানো হয়।
এ সময় উপস্থিত ছিলেন জাহাঙ্গীর মোল্লা, রনি দেওয়ান, শেখ আরিফ হোসেন, নাজমুল হোসেন, বায়েজিদ হোসেন, রফিক শেখ, জাহিদুল ইসলাম বেপারী, পারুল বেগমসহ স্থানীয় বাসিন্দা ও শিক্ষার্থীরা।

