নওগাঁ প্রতিনিধি
নওগাঁর মহাদেবপুরে সন্তানদের শাসন করাকে কেন্দ্র করে শাশুড়ির বকাঝকার পর সাহানাজ খাতুন (৩০) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। শনিবার (৭ নভেম্বর) সকালে উপজেলার বিলছাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত সাহানাজ খাতুন ওই গ্রামের মো. জালাল উদ্দিনের স্ত্রী এবং মো. সাইদুর রহমানের মেয়ে।
পরিবারের বরাতে জানা যায়, শনিবার সকাল ১০টার দিকে সন্তানদের শাসন করাকে কেন্দ্র করে সাহানাজকে বকাঝকা করেন তাঁর শাশুড়ি। এর কিছুক্ষণ পর তিনি বিষ পান করেন। অসুস্থ অবস্থায় পরিবারের সদস্যরা তাঁকে উদ্ধার করে মহাদেবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুর সাড়ে ১২টার দিকে তাঁর মৃত্যু হয়।
মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে হাসপাতাল থেকে মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

