জয়পুরহাট প্রতিনিধি
জয়পুরহাটের ক্ষেতলালে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে থানা-পুলিশ।
গ্রেপ্তার ব্যক্তি এমএইচ নুরুন্নবী রতন চৌধুরী। তিনি ক্ষেতলাল উপজেলার মামুদপুর ইউনিয়ন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের আহ্বায়ক এবং সমানতাহার গ্রামের মৃত তোফাজ্জল হোসেন চৌধুরীর ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, জয়পুরহাটের পুলিশ সুপারের নির্দেশনায় এবং ক্ষেতলাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) নেতৃত্বে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। পুলিশের দাবি, বিভিন্ন নেতার সঙ্গে হোয়াটসঅ্যাপে যোগাযোগ, নাশকতার পরিকল্পনা এবং সভা-মিছিল আয়োজনের কর্মসূচি-সংক্রান্ত তথ্যের ভিত্তিতে তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।
গত ১৪ নভেম্বর দায়ের করা ক্ষেতলাল থানার মামলা নম্বর-১২-এর পরিপ্রেক্ষিতে তাঁকে গ্রেপ্তার করা হয়। সোমবার (১৬ নভেম্বর) যথাযথ পুলিশি পাহারায় তাঁকে আদালতে পাঠানো হয়েছে।
এ বিষয়ে ক্ষেতলাল থানা-পুলিশ জানিয়েছে, তাঁর বিরুদ্ধে পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

