জয়পুরহাট প্রতিনিধি
জয়পুরহাটের কালাইয়ে নবান্ন উৎসব উপলক্ষে জমে উঠেছে ঐতিহ্যবাহী মাছের মেলা। অগ্রহায়ণ মাসের প্রথম সপ্তাহে প্রতিবছরের মতো এবারও এক দিনের এ মেলার আয়োজন করা হয়েছে। বুধবার (১৮ নভেম্বর) ভোর থেকে উপজেলার পাঁচশিরা বাজারে বসা মেলায় বিভিন্ন প্রজাতির মাছ নিয়ে হাজির হন ব্যবসায়ীরা। মেলাকে ঘিরে স্থানীয়দের পাশাপাশি আশপাশের জেলা ও উপজেলার মানুষের মধ্যে দেখা গেছে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা।
মেলায় রুই, সিলভার কার্প, কাতলা, মৃগেল, ব্রিগেড, বাগাড়, বোয়াল ও চিতলসহ বিভিন্ন প্রজাতির মাছের পসরা সাজিয়েছেন ব্যবসায়ীরা। বড় মাছগুলোর ওজন ছিল প্রায় ২৮ থেকে ৩০ কেজি। মাছের প্রকারভেদে মাঝারি আকারের মাছ প্রতি কেজি ৩৮০ থেকে ৫০০ টাকা এবং বড় মাছ ৬০০ থেকে ১ হাজার ৫০০ টাকা দরে বিক্রি হচ্ছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিবছর নবান্ন উৎসবকে কেন্দ্র করে এ মেলায় নারী-পুরুষ ও শিশুসহ বিভিন্ন বয়সী মানুষের সমাগম ঘটে। এলাকার ধনী-গরিব সব শ্রেণি-পেশার মানুষ নিজেদের সাধ্য অনুযায়ী পছন্দের মাছ কিনে বাড়ি ফেরেন। নতুন ধানের চালের ভাতের সঙ্গে মাছের নানা পদ পরিবেশনের ঐতিহ্য এ উৎসবকে আরও আনন্দমুখর করে তোলে।
মেলায় মাছ কিনতে আসা ক্ষেতলালের মনজুরুল আলম বলেন, ‘নবান্ন উৎসবকে ঘিরে প্রতিটি পরিবারে এক ধরনের মিলনমেলার পরিবেশ সৃষ্টি হয়। নতুন ধানের চালের ভাতের সঙ্গে মাছের বিভিন্ন পদের তরকারি থাকে খাবারের অন্যতম আকর্ষণ। তাই মেলায় এসেছি, দেখে-শুনে মাছ কিনব।’
কালাইয়ের কর্মকারপাড়ার বাসিন্দা শুভ বলেন, ‘গতবারের তুলনায় এবার মেলায় মাছের আমদানি বেশি। তবে দাম কিছুটা বেশি মনে হচ্ছে।’
উপজেলার মাছ ব্যবসায়ী বাইজিদ বলেন, জয়পুরহাটের সাগর হোসেন নামের এক ক্রেতার কাছে ৪৫০ টাকা কেজি দরে ৭ কেজি ওজনের একটি কাতলা মাছ বিক্রি করেছেন। মেলায় প্রচুর লোকসমাগম হলেও সে তুলনায় বেচাকেনা কিছুটা কম। তবে ভালো লাভের আশা করছেন ব্যবসায়ীরা।
পাঁচশিরা মাছ বাজারের ইজারাদার আব্দুল লতিফ বলেন, শুধু জয়পুরহাট নয়, বিভিন্ন জেলা থেকে ব্যবসায়ীরা এ মেলায় মাছ নিয়ে আসেন। এবার বাজারদর স্বাভাবিক রয়েছে, ফলে সব শ্রেণির মানুষ মাছ কিনতে পারছেন। মেলায় প্রায় দেড় থেকে দুই কোটি টাকার মাছ বিক্রি হতে পারে বলে তিনি আশা প্রকাশ করেন।
কালাই উপজেলা মৎস্য কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) রফিকুল ইসলাম বলেন, পাঁচশিরা বাজারে বিভিন্ন প্রজাতির ছোট-বড় মাছের সমাগমে ক্রেতাদের পাশাপাশি মাছচাষিরাও উৎসাহিত হচ্ছেন। মেলায় অনিরাপদ বা বিষাক্ত মাছ বিক্রি ঠেকাতে মৎস্য বিভাগের নজরদারি থাকবে। দিন শেষে মাছের বেচাকেনা দেড় কোটি টাকা ছাড়িয়ে যেতে পারে বলে তাঁর ধারণা। মৎস্য বিভাগ নিয়মিত মাছচাষিদের পরামর্শ দিয়ে আসছে। ভবিষ্যতে এ মেলার পরিধি আরও বাড়বে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

