ফরিদপুর প্রতিনিধি
দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা রুখতে চিকিৎসকরা রাজপথে নেমেছেন বলে মন্তব্য করেছেন ফরিদপুর ডায়াবেটিক সমিতির তত্ত্বাবধায়ক কমিটির আহ্বায়ক ও ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) ফরিদপুর জেলা শাখার সভাপতি অধ্যাপক ডা. মোস্তাফিজুর রহমান শামীম।
দেশে চলমান বিশৃঙ্খলা, অগ্নিসংযোগ, অনৈক্য ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে রবিবার বিকেলে ফরিদপুরে প্রতিবাদী মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালন করে ড্যাবের জেলা শাখা।
কর্মসূচিতে ডা. মোস্তাফিজুর রহমান শামীম বলেন, চিকিৎসকরা সাধারণত রোগীদের সেবায় নিয়োজিত থাকেন। কিন্তু দেশের সংকটময় পরিস্থিতিতে দায়িত্ববোধ থেকেই তাঁদের রাজপথে দাঁড়াতে হয়েছে। দেশের অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টা প্রতিহত করতে সবাইকে সচেতন হতে হবে।
তিনি আরও বলেন, ১৯৫২ সালের ভাষা আন্দোলন, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ ও ১৯৯০ সালের গণঅভ্যুত্থানসহ জাতির বিভিন্ন সংকটময় সময়ে চিকিৎসক সমাজ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। বর্তমান পরিস্থিতিতেও চিকিৎসকরা নীরব থাকতে পারেন না।
বক্তারা অভিযোগ করেন, একটি মহল পরিকল্পিতভাবে বিশৃঙ্খলা, অনৈক্য, অগ্নিসংযোগ ও সহিংসতার মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। এতে স্বাভাবিক পরিস্থিতি ব্যাহত হওয়ার পাশাপাশি আন্তর্জাতিক অঙ্গনে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে।
তাঁরা ফরিদপুরে বাসে অগ্নিসংযোগে ঘুমন্ত চালকের মৃত্যুর ঘটনা এবং সাম্প্রতিক সময়ে গোপালগঞ্জ, মুকসুদপুর ও নড়াইলে প্রাণহানি, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর হামলা ও থানা লুটপাটের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেন। এ ছাড়া ড্যাবের ঢাকা বিভাগীয় কমিটির আহ্বায়ক ও সংসদ সদস্য কে এম বাবরের বাড়ি ও ক্লিনিকে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের অভিযোগের নিন্দা জানান।
বক্তারা বলেন, ফরিদপুরের মানুষ শান্তিপ্রিয় ও গণতন্ত্রকামী। তাঁরা সন্ত্রাস, সহিংসতা ও নৈরাজ্য সমর্থন করেন না। এসব কর্মকাণ্ডে জড়িতদের আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে আইনানুগ পথে চলার আহ্বান জানান তাঁরা।
একই সঙ্গে সুশীল সমাজের প্রতিনিধিদের অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হওয়ার এবং গণমাধ্যমকর্মীদের নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের আহ্বান জানান বক্তারা।
ড্যাব ফরিদপুর জেলা শাখার যুগ্ম আহ্বায়ক ডা. এ এফ এম কামালের সঞ্চালনায় কর্মসূচিতে উপস্থিত ছিলেন ফরিদপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. সৈয়দ আসিফ-উল আলম, উপাধ্যক্ষ অধ্যাপক ডা. খান মুহাম্মদ আরিফ, ডা. সাকি খান, ড্যাবের যুগ্ম আহ্বায়ক ডা. আলামিন সারোয়ার, ডা. নুরুল ইসলাম খান রানা, ফরিদপুর মেডিকেল কলেজ শাখা ড্যাবের নেতা ডা. মিজানুর রহমান মিজান, ডা. মৃধা মোহাম্মদ শাহিনুজ্জামান ও ডা. ফজলুল হক শোভনসহ অন্য চিকিৎসকরা।
কর্মসূচি শেষে আয়োজকরা উপস্থিত চিকিৎসক, কর্মচারী ও সাধারণ মানুষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

