Nabadhara
ঢাকামঙ্গলবার , ২৪ নভেম্বর ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

মাদক মামলায় কারাভোগের পরও অফিসে মৎস্য বিভাগের কর্মচারী, দায়িত্ব পালন নিয়ে প্রশ্ন

মান্দা (নওগাঁ) প্রতিনিধি
নভেম্বর ২৪, ২০২৬ ৫:২৫ অপরাহ্ণ
Link Copied!

মান্দা (নওগাঁ) প্রতিনিধি

নওগাঁর মান্দা উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তার কার্যালয়ের অফিস সহায়ক পলাশ কুমার (৩৮)। মাদক ও জুয়া সংশ্লিষ্ট অভিযোগে পুলিশের হাতে গ্রেপ্তার হয়ে প্রায় এক সপ্তাহ কারাভোগের পর জামিনে মুক্তি পেয়েছেন তিনি। এরপরও তাঁকে কর্মস্থলে উপস্থিত হয়ে দায়িত্ব পালন করতে দেখা যাচ্ছে। এ ঘটনায় স্থানীয় সচেতন মহলে নানা প্রশ্নের সৃষ্টি হয়েছে।

অভিযোগ রয়েছে, সাময়িক বরখাস্ত হওয়ার পরও কীভাবে তিনি নিয়মিত অফিসের কার্যক্রম পরিচালনা করছেন, তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। সংশ্লিষ্ট দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা তাঁর সাময়িক বরখাস্তের বিষয়টি স্বীকার করলেও অফিসে তাঁর উপস্থিতি নিয়ে পরস্পরবিরোধী বক্তব্য পাওয়া গেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত ৮ নভেম্বর রাত সাড়ে ১০টার দিকে মান্দা উপজেলার দক্ষিণ নুরুল্যাবাদ গ্রামের নিশীত হাওলাদারের বাড়িতে মাদক ও জুয়ার আসর থেকে পলাশ কুমারসহ ১০ জনকে গ্রেপ্তার করে মান্দা থানা পুলিশ। পরদিন সোমবার সকালে তাঁদের নওগাঁ জেলা কারাগারে পাঠানো হয়। প্রায় এক সপ্তাহ কারাভোগের পর জামিনে মুক্তি পেয়ে তিনি পুনরায় কর্মস্থলে যাতায়াত শুরু করেন বলে অভিযোগ রয়েছে।

আইন বিশ্লেষকদের মতে, সরকারি কর্মচারী হিসেবে তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ বিভাগীয় তদন্তে প্রমাণিত হলে তা সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ হতে পারে। বিধিমালার ৪ বিধি অনুযায়ী অভিযোগের গুরুত্ব বিবেচনায় লঘু বা গুরুদণ্ড দেওয়ার বিধান রয়েছে। এর মধ্যে নিম্নপদ বা নিম্নবেতন গ্রেডে অবনমিতকরণ, বাধ্যতামূলক অবসর কিংবা চাকরি থেকে অপসারণের মতো শাস্তিও রয়েছে।

এ বিষয়ে অফিস সহায়ক পলাশ কুমারের কাছে জানতে চাইলে তিনি উপজেলা মৎস্য কর্মকর্তার সঙ্গে কথা বলার পরামর্শ দেন।

নওগাঁ জেলা মৎস্য কর্মকর্তা ফেরদৌস আলীর সঙ্গে যোগাযোগ করা হলে প্রথমে তিনি পলাশ কুমারের অফিস করার বিষয়টি অস্বীকার করেন। পরে তিনি বলেন, ‘যদি অফিস করে থাকে, তাহলে আমার অনুমতি নিয়েই করেছে।’ চাকরিবিধি লঙ্ঘনের বিষয়ে জানতে চাইলে তিনি ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়ে বলেন, ‘আপনারা ভুয়া কথা বলছেন। সাময়িক বরখাস্ত আমি করেছি, আমিই তাকে অফিসে বসিয়েছি।’

অন্যদিকে বিভাগীয় মৎস্য অধিদপ্তরের পরিচালক (পিডি) সাইফুদ্দিন ইয়াহিয়া বলেন, ‘বিষয়টি নিয়ে ব্যবস্থা গ্রহণের জন্য জেলা কর্মকর্তার সঙ্গে কথা বলব। সাময়িক বরখাস্ত হলে অফিস করার কোনো সুযোগ নেই।’

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।