Nabadhara
ঢাকামঙ্গলবার , ২৪ নভেম্বর ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

গাজীপুরে শ্রমিক অসন্তোষ ছড়িয়ে পড়েছে, তিন স্থানে মহাসড়ক অবরোধ

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর
নভেম্বর ২৪, ২০২৬ ৬:৩৮ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর

বেতন ও মজুরি বৃদ্ধির দাবিতে গাজীপুরের শিল্পাঞ্চলে পোশাকশ্রমিকদের অসন্তোষ আরও ছড়িয়ে পড়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল থেকে বিভিন্ন এলাকায় শ্রমিকেরা বিক্ষোভ ও মহাসড়ক অবরোধ করেন। এতে ঢাকা-ময়মনসিংহ ও ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল ব্যাহত হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সাউন্ড গ্রেনেড ও টিয়ার শেল নিক্ষেপ করে। উদ্ভূত পরিস্থিতিতে ২৩টি কারখানায় এক দিনের ছুটি ঘোষণা করা হয়েছে। এ ছাড়া গাজীপুরের বিভিন্ন এলাকায় মোট ৪৩টি কারখানা এখনো অনির্দিষ্টকালের জন্য বন্ধ রয়েছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার সকাল ৯টার দিকে গাজীপুর সদর উপজেলার মেম্বারবাড়ী এলাকায় কয়েকটি শিল্পকারখানার শ্রমিকেরা বেতন বৃদ্ধির দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবস্থান নেন। একই সময়ে বাঘের বাজারের নতুন বাজার এলাকাতেও শ্রমিকেরা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। এতে মহাসড়কের দুই অংশে যান চলাচল বন্ধ হয়ে যায়। প্রায় পৌনে এক ঘণ্টা অবরোধ চলায় যাত্রী ও পরিবহন চালকেরা ভোগান্তিতে পড়েন।

পরে শ্রমিকদের সড়ক থেকে সরিয়ে যান চলাচল স্বাভাবিক করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তৎপরতা চালায়। এ সময় বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে সাউন্ড গ্রেনেড ও টিয়ার শেল নিক্ষেপ করা হয়।

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর গাজীপুরের উপপরিচালক মো. আশিকুজ্জামান জানান, সকাল ৯টা ২০ মিনিটের দিকে বাঘের বাজার এলাকার সিলিকন, মণ্ডল গ্রুপসহ কয়েকটি কারখানার শ্রমিকেরা কাজ বন্ধ করে বেরিয়ে আসেন। পরে তাঁরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক হয়ে ভবানীপুরের দিকে অগ্রসর হন। এতে মহাসড়কের এক পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরিস্থিতি মোকাবিলায় বাঘের বাজার এলাকায় আনসারের দুটি রিজার্ভ দল পাঠানো হয়। পরে বাঘের বাজার ও মাওনা এলাকায় আনসারের দুটি দল অবস্থান নেয়। সর্বশেষ ওই এলাকায় আন্দোলন নিয়ন্ত্রণে আসে এবং যান চলাচল স্বাভাবিক হয়।

এদিকে নাওজোড় ও ইটাহাটা এলাকার বিভিন্ন পোশাক কারখানার শ্রমিকেরা বেতন বৃদ্ধির দাবিতে চান্দনা চৌরাস্তা এলাকায় ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বিক্ষোভ করেন। সকালে কাজে যোগ দেওয়ার পর তাঁরা কারখানা থেকে বেরিয়ে সড়কে অবস্থান নেন। একই সময়ে গাজীপুর চৌরাস্তা এলাকায় কেএম ফ্যাশনসহ আশপাশের কয়েকটি কারখানার প্রায় ৭০০ থেকে ৮০০ শ্রমিক সড়কে অবস্থান নিয়ে ফ্লাইওভারের ওপর দিয়ে সালনার দিকে অগ্রসর হন।

নগরীর জরুন এলাকায় আগের দিন একজন শ্রমিক আহত হওয়ার খবর ছড়িয়ে পড়লে মঙ্গলবার সকালে একটি কারখানার শ্রমিকেরা বিক্ষোভ শুরু করেন। পরে আশপাশের কয়েকটি কারখানার শ্রমিকেরাও আন্দোলনে যোগ দেন। পরিস্থিতি বিবেচনায় ওই এলাকার কয়েকটি কারখানায় ছুটি ঘোষণা করা হয়। বিক্ষুব্ধ শ্রমিকদের ছত্রভঙ্গ করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সাউন্ড গ্রেনেড ও টিয়ার শেল নিক্ষেপ করে।

মাস্টারবাড়ী ও কোনাবাড়ী এলাকাতেও শ্রমিক অসন্তোষ ছড়িয়ে পড়ে। মাস্টারবাড়ীতে শ্রমিকেরা সড়কে নেমে বিক্ষোভ শুরু করলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। অন্যদিকে কোনাবাড়ীতে কয়েকটি কারখানার শ্রমিকেরা কাজে যোগ না দিয়ে আন্দোলন করেন। সেখানেও বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে সাউন্ড গ্রেনেড ও টিয়ার শেল নিক্ষেপ করা হয়।

দুপুরের দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গাজীপুরা এলাকায় পোশাকশ্রমিকেরা অবরোধ করলে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে মহাসড়কে চলাচলকারী যাত্রীরা ভোগান্তিতে পড়েন।

শ্রমিক অসন্তোষ ও নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় গাজীপুরের বিভিন্ন এলাকায় মোট ৪৩টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ রয়েছে। এ ছাড়া মঙ্গলবারের জন্য বাঘের বাজার এলাকার ১১টি এবং কোনাবাড়ী এলাকার ১২টি কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে। সব মিলিয়ে ওই দুই এলাকায় ২৩টি কারখানায় এক দিনের ছুটি দেওয়া হয়। তবে অন্যান্য অনেক কারখানায় স্বাভাবিক উৎপাদন কার্যক্রম অব্যাহত রয়েছে।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো. আশিক সাঈদ জানান, জরুন, কোনাবাড়ীসহ বিভিন্ন এলাকার শ্রমিকেরা মহাসড়কে জড়ো হয়েছিলেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাঁদের সড়ক থেকে সরিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাজ করছেন। বিভিন্ন বাহিনীর সমন্বিত তৎপরতায় যান চলাচল স্বাভাবিক রাখা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চলছে।

গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার মো. আমজাদ হোসাইন জানান, পরিস্থিতি স্বাভাবিক রাখতে মহাসড়কের বিভিন্ন পয়েন্টে শিল্প পুলিশ, জেলা পুলিশ, বিজিবি, এসআরবি ও আনসার ব্যাটালিয়নের সদস্যরা দায়িত্ব পালন করছেন। শ্রমিক অসন্তোষের কারণে যেসব এলাকায় যান চলাচল ও কারখানার কার্যক্রম ব্যাহত হচ্ছে, সেখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সমন্বিতভাবে কাজ করছেন।

শ্রমিকদের বেতন বৃদ্ধির দাবিকে কেন্দ্র করে গাজীপুরের শিল্পাঞ্চলে পরিস্থিতি সংবেদনশীল হয়ে উঠেছে। শ্রমিকদের দাবি আলোচনার মাধ্যমে সমাধান, কারখানার উৎপাদন ও কর্মসংস্থান সচল রাখা এবং মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করতে মালিকপক্ষ, শ্রমিক, প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বিত উদ্যোগ প্রয়োজন বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।