Nabadhara
ঢাকাবুধবার , ২৫ জুন ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

কালভার্টের মুখে বালু ফেলে পানি প্রবাহ বন্ধ, ২২টি পরিবারের পানি নিষ্কাশনে প্রতিবন্ধকতা

মাসুদ রানা, খানসামা (দিনাজপুর) 
জুন ২৫, ২০২৫ ৩:৩৬ অপরাহ্ণ
Link Copied!

মাসুদ রানা, খানসামা (দিনাজপুর) 

দিনাজপুরের খানসামা উপজেলার খামারপাড়া ইউনিয়নের কায়েমপুর শাহপাড়া গ্রামে সরকারি পাকা রাস্তার কালভার্টের দুই মুখে জোরপূর্বক বালু ফেলে পানি চলাচলের পথ বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় এক প্রভাবশালী ব্যক্তির বিরুদ্ধে।

 

এ ঘটনায় ভুক্তভোগী এলাকাবাসীর পক্ষ থেকে গ্রামের স্থায়ী বাসিন্দা মো. আবুল হোসেন গত রোববার (২২ জুন) উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) বরাবর লিখিত অভিযোগ দায়ের করেন।

 

অভিযোগ সূত্রে জানা গেছে, গত ১৭ মে শনিবার সকালে একই এলাকার আলমগীর হোসেন নামের এক ব্যক্তি সরকারি রাস্তার কালভার্টের দুই প্রান্তে ইচ্ছাকৃতভাবে বালু ফেলে দিয়ে পানি চলাচলের স্বাভাবিক পথ বন্ধ করে দেন। এতে আশপাশের ২০-২২টি পরিবারের বসতবাড়ির পানি নিষ্কাশনে প্রতিবন্ধকতা সৃষ্টি হয়। ফলে এলাকায় স্থায়ী জলাবদ্ধতা এবং চলাচলে চরম দুর্ভোগের সৃষ্টি হয়েছে।

 

স্থানীয় বাসিন্দা আবুল হোসেন জানান, “দীর্ঘদিন ধরেই আমাদের বসতবাড়ির পানি ওই কালভার্ট দিয়ে প্রবাহিত হতো। কিন্তু সম্প্রতি কিছু প্রভাবশালী ব্যক্তি মোটা প্লাস্টিক পাইপ বসিয়ে ও বালু ফেলে পানি চলাচল বন্ধ করে দিয়েছেন। এতে সামান্য বৃষ্টিতেই রাস্তায় পানি জমে যায়, চলাচলে ভোগান্তি পোহাতে হচ্ছে।”

 

অন্য এক বাসিন্দা বলেন, “এই কালভার্টটি কয়েক প্রজন্ম ধরে আমাদের এলাকার পানি নিষ্কাশনের প্রধান মাধ্যম ছিল। এখন পানির স্বাভাবিক গতি বন্ধ হয়ে যাওয়ায় ঘরের সামনের জায়গায় কাদা জমে থাকছে, যা শিশু ও বৃদ্ধদের চলাফেরায় মারাত্মক সমস্যা তৈরি করছে।”

 

অভিযোগ রয়েছে, এ বিষয়ে প্রতিবাদ করতে গেলে অভিযুক্ত ব্যক্তি এলাকাবাসীকে ভয়ভীতি দেখান ও হুমকি প্রদান করেন।

 

ঘটনার সত্যতা নিশ্চিত করে স্থানীয় ইউপি চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিক বলেন, “ঘটনার খবর পেয়ে আমি ঘটনাস্থলে যাই ও অভিযুক্তকে সতর্ক করি। কিন্তু অভিযোগ রয়েছে, এরপরও পানি চলাচলের পথ খোলা হয়নি। এ বিষয়ে উপজেলা প্রশাসনের হস্তক্ষেপ প্রয়োজন।”

 

অভিযোগ পাওয়ার পর খানসামা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কামরুজ্জামান সরকার সরেজমিনে ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি বলেন, “আমি নিজে গিয়ে ঘটনাটি প্রত্যক্ষ করেছি। অভিযোগ প্রাথমিকভাবে যথার্থ মনে হয়েছে। ইতোমধ্যে স্থানীয় প্রশাসনকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। দ্রুতই পানির স্বাভাবিক প্রবাহ নিশ্চিত করতে ব্যবস্থা গ্রহণ করা হবে।”

 

এ ঘটনায় জনদুর্ভোগ কমাতে প্রশাসনের কার্যকর পদক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।