শফিকুল ইসলাম সাফা, চিতলমারী
দীর্ঘ ২১ বছর পর বাগেরহাটের চিতলমারী উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১১ জুলাই) উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এ সম্মেলনে গোপন ব্যালটের মাধ্যমে সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচন হয়।
সম্মেলনে মো. মমিনুল হক টুলু বিশ্বাস সভাপতি, শরিফুল হাসান অপু সাধারণ সম্পাদক এবং অ্যাডভোকেট ফজলুল হক ও শফিকুল ইসলাম বাবু সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচিত হন। এর আগে টুলু ছিলেন আহ্বায়ক ও অপু যুগ্ম আহ্বায়কের দায়িত্বে।
উপজেলার ৭টি ইউনিয়নের ৪৯৭ জন কাউন্সিলর ভোট প্রদান করেন। তিনটি পদের জন্য মোট ১১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। সকাল সাড়ে ১১টায় সম্মেলনের উদ্বোধন করেন বাগেরহাট জেলা বিএনপির আহ্বায়ক ইঞ্জিনিয়ার এ.টি.এম. আকরাম হোসেন তালিম।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) অনিন্দ্য ইসলাম অমিত। প্রধান বক্তা ছিলেন সহ-সাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুন্ডু। বিশেষ বক্তা ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শমসের আলী মোহন। এছাড়া কেন্দ্রীয় ও জেলা বিএনপির শীর্ষ নেতৃবৃন্দের উপস্থিতিতে সম্মেলনটি হয়ে ওঠে জমজমাট।
দ্বিতীয় অধিবেশনে বিকাল ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ফলাফল অনুযায়ী, সভাপতি পদে মমিনুল হক টুলু বিশ্বাস ২৪১ ভোট পেয়ে জয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আহসান হাবিব ঠান্ডু পান ২২৩ ভোট। সাধারণ সম্পাদক পদে শরিফুল হাসান অপু ২৪৮ ভোট পেয়ে জয়ী হন, তার প্রতিদ্বন্দ্বী শিপন মুন্সি পান ২৩৬ ভোট। সাংগঠনিক সম্পাদক পদে অ্যাড. ফজলুল হক ২৭০ ভোট ও শফিকুল ইসলাম বাবু ১৭৫ ভোট পেয়ে নির্বাচিত হন।
নবনির্বাচিত সভাপতি মমিনুল হক টুলু বলেন, “বিগত আওয়ামী লীগ সরকারের আমলে মামলা-হামলার মধ্যেও আমি মাঠে ছিলাম, পালিয়ে যাইনি। নেতাকর্মীরা সেই ত্যাগ ও সাহসের মূল্যায়ন করেছেন, আমি তাদের কাছে চিরকৃতজ্ঞ।”

